পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করা প্রায় ১৭৫ অভিবাসীকে বহনকারী একটি নৌকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় দুই সপ্তাহ ধরে নৌকাটির কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়েও দেখা দিয়েছে গভীর উদ্বেগ।
বার্তা সংস্থা রয়টার্সের ২৪ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ৯ অথবা ১০ নভেম্বর সেনেগালের রাজধানী ডাকারের ইয়ফ এলাকা থেকে কাঠের তৈরি নৌকাটি ইউরোপের উদ্দেশে রওনা হয়। স্থানীয়ভাবে এ ধরনের নৌকাকে ‘পিরোগ’ বলা হয়। নৌকাটিতে প্রায় ১৭৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন ইয়ফ এলাকার মেয়র সেদিনা ইসা লায়ে।
তবে মানবাধিকার সংগঠন অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপের হিসাব অনুযায়ী, নিখোঁজ ব্যক্তির সংখ্যা ১৭২। নিখোঁজ অভিবাসীদের উদ্ধারে আরও জোরালো তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনার দাবি জানিয়েছে সংগঠনটি।
এদিকে সেনেগালের নৌবাহিনী জানিয়েছে, গত সোমবার পাঁচটি নৌকায় থাকা ৯৭৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ৫ হাজার ২০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার, আটক কিংবা সমুদ্রযাত্রার আগেই থামিয়ে দেওয়া হয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য বলছে, চলতি মাসে পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের যাত্রা বেড়েছে। নভেম্বরের প্রথম ১২ দিনেই ৮ হাজারের বেশি মানুষ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন।
আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর এই সমুদ্রপথ বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত। উত্তাল সমুদ্র, প্রতিকূল আবহাওয়া এবং পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাবে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।
অভিবাসন অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়াকিং বর্ডারসের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই পথে হাজারো অভিবাসী প্রাণ হারিয়েছেন।
নিখোঁজ নৌকাটির যাত্রীদের সন্ধান না মেলায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।



