tanaka
প্রচ্ছদজাতীয়৩১ হাজার টাকা মজুরির দাবি, শেষ পর্যন্ত বাড়ল মাত্র ২৫০ টাকা

৩১ হাজার টাকা মজুরির দাবি, শেষ পর্যন্ত বাড়ল মাত্র ২৫০ টাকা

কম্বোডিয়ার পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ২৫০ ডলার ৬৬ সেন্ট করার দাবি জানিয়েছিল দেশটির সাতটি শ্রমিক সংগঠন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১ হাজার ২৫০ টাকা। তবে দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর ২০২৭ সালের জন্য শ্রমিকদের মজুরি বেড়েছে মাত্র ২ ডলার বা প্রায় ২৫০ টাকা। এতে নতুন ন্যূনতম মাসিক মজুরি নির্ধারিত হয়েছে ২১২ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার ৪৪০ টাকা।

গত ১৩ সেপ্টেম্বর এক যৌথ সংবাদ সম্মেলনে ২০২৭ সালের জন্য ২৫০ ডলার ৬৬ সেন্ট ন্যূনতম মজুরির প্রস্তাব তুলে ধরে সাতটি শ্রমিক সংগঠন। তাদের যুক্তি, খাদ্য, বাসাভাড়া, বিদ্যুৎ-পানি, যাতায়াত, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ব্যয় ক্রমাগত বাড়ছে। ফলে বর্তমান মজুরিতে শ্রমিকদের পক্ষে সংসারের প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে কম্বোডিয়ার সংবাদমাধ্যম ক্যাম্বোজা নিউজ।

দেশটির সরকারি সংবাদ সংস্থা এজেন্সি কাম্পুচিয়া প্রেসের (একেপি) তথ্য অনুযায়ী, ন্যূনতম মজুরি নির্ধারণের চূড়ান্ত পর্যায়ের আলোচনায় শ্রমিক প্রতিনিধিরা মাসিক মজুরি ২২৫ ডলারে উন্নীত করার প্রস্তাব দেন। অন্যদিকে, মালিকপক্ষ বর্তমান ২১০ ডলার বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।

গত ৩০ সেপ্টেম্বর জাতীয় ন্যূনতম মজুরি কাউন্সিলের বৈঠকে ৫১ সদস্যের মধ্যে ৪৭ জন ২১০ ডলার মজুরির পক্ষে ভোট দেন। পরে প্রধানমন্ত্রী হুন মানেত এর সঙ্গে আরও ২ ডলার যোগ করেন। সব মিলিয়ে ২০২৭ সালের জন্য পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারিত হয় ২১২ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ১৯১ টাকা।

শ্রমিক সংগঠনগুলোর দাবি, ২৫০ ডলার ৬৬ সেন্ট মজুরির প্রস্তাবটি কোনো অনুমাননির্ভর অঙ্ক ছিল না। শ্রমিক ও তাঁদের পরিবারের প্রকৃত জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়েই এ দাবি জানানো হয়েছিল। এ লক্ষ্যে ২৮টি কারখানার ৪২২ জন শ্রমিকের ওপর জরিপ চালানো হয়। সংগঠনগুলোর মতে, মাত্র ২ ডলার মজুরি বৃদ্ধি শ্রমিকদের দীর্ঘদিনের আর্থিক সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারবে না।

মজুরি বৃদ্ধির এ সিদ্ধান্তের সমালোচনা করেছে শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান। তাদের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জীবনযাত্রার ব্যয় যে হারে বাড়ছে, তার তুলনায় মজুরি বৃদ্ধির পরিমাণ অত্যন্ত নগণ্য। একই সঙ্গে মজুরি নির্ধারণের প্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

কম্বোডিয়ার পোশাক, বস্ত্র, জুতা ও ভ্রমণসামগ্রী শিল্পে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। এ খাতের অধিকাংশ শ্রমিকই নারী। নতুন নির্ধারিত ন্যূনতম মজুরি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। তবে সরকারি সংবাদ সংস্থা একেপির তথ্য অনুযায়ী, বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা যুক্ত হলে শ্রমিকদের মাসিক আয় ২২৯ থেকে ২৪০ ডলার পর্যন্ত হতে পারে।