tanaka
প্রচ্ছদজাতীয়বিদ্যুৎ বিতরণে সক্ষমতা বাড়াতে ১৩ হাজার ৫৮০ কোটি টাকার দুই প্রকল্প

বিদ্যুৎ বিতরণে সক্ষমতা বাড়াতে ১৩ হাজার ৫৮০ কোটি টাকার দুই প্রকল্প

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ে দুটি বড় প্রকল্প হাতে নিচ্ছে সরকার। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে নতুন উপকেন্দ্র স্থাপন ও বিতরণ লাইন নির্মাণের মাধ্যমে জাতীয় গ্রিড থেকে অতিরিক্ত ২ হাজার ৬৮১ এমভিএ বিদ্যুৎ বিতরণের সক্ষমতা তৈরি হবে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) উদ্যোগে নেওয়া প্রকল্প দুটির মোট ব্যয়ের মধ্যে প্রায় ৮ হাজার ৯৪৪ কোটি টাকা বা ৭৩১ মিলিয়ন ডলার বিদেশি ঋণ হিসেবে পাওয়া যাবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) এ অর্থায়ন করবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় প্রকল্প দুটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান।

একনেকের কার্যসূচি অনুযায়ী, আজকের সভায় নতুন চারটি ও সংশোধিত ১০টিসহ মোট ১৪টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বিদ্যুৎ খাতের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ, সংস্কৃতি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সড়ক পরিবহন খাতের বিভিন্ন প্রকল্পও রয়েছে তালিকায়। এ ছাড়া পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত সাতটি প্রকল্পের বিষয়ে একনেক সদস্যদের অবহিত করা হবে।

প্রকল্পের নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়াতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬০১ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা, এডিবির ঋণ থেকে ২০০ মিলিয়ন ডলার বা প্রায় ২ হাজার ৪৫৫ কোটি টাকা এবং বাপবিবোর নিজস্ব তহবিল থেকে ১ হাজার ১৮৩ কোটি টাকা ব্যয় করা হবে।

নথি অনুযায়ী, এসব সমিতির আওতাধীন এলাকায় ২০৩৩ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা বেড়ে ৯ হাজার ৭৬০ এমভিএতে দাঁড়াবে। বর্তমানে চলমান প্রকল্পসহ বিদ্যুৎ বিতরণের সক্ষমতা রয়েছে ৬ হাজার ৯৩০ এমভিএ। ফলে চাহিদা ও সক্ষমতার মধ্যে ঘাটতি দাঁড়াবে ২ হাজার ৮৩০ এমভিএ।

এ ঘাটতি মোকাবিলায় প্রকল্পের আওতায় ৫২টি নতুন উপকেন্দ্র নির্মাণ এবং ১২টি উপকেন্দ্রের ক্ষমতা বাড়িয়ে ১ হাজার ২৬৫ এমভিএ সক্ষমতা যুক্ত করা হবে। পাশাপাশি তিনটি উপকেন্দ্রে অতিরিক্ত ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে আরও ৩০ এমভিএ সক্ষমতা বাড়ানো হবে। সব মিলিয়ে বিতরণ সক্ষমতা বাড়বে ১ হাজার ২৯৫ এমভিএ। এ ছাড়া ৪ হাজার ২০০ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা রয়েছে।

অন্য প্রকল্পটির আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির অবকাঠামো উন্নয়ন করা হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ২৮২ কোটি টাকা, বাপবিবোর নিজস্ব তহবিল থেকে ১ হাজার ২০৭ কোটি টাকা এবং এআইআইবির ঋণ থেকে ৫৩১ মিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার ৪৮৯ কোটি টাকা জোগান দেওয়া হবে।

প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ১৯টি সমিতির আওতায় ২০৩১ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ৭ হাজার ৩৭০ এমভিএ। বিপরীতে বর্তমানে বিতরণ সক্ষমতা রয়েছে ৫ হাজার ২৯৪ এমভিএ। এতে ঘাটতি হবে ২ হাজার ৭৬ এমভিএ।

এ ঘাটতি পূরণে ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণ করে ১ হাজার ৩৮৬ এমভিএ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ২৩ হাজার ৪৩৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ ও উন্নয়ন, ছয়টি সুইচিং স্টেশন স্থাপন এবং কুমিল্লা ও চট্টগ্রাম জোনে আধুনিক সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন (এসসিএডিএ) ব্যবস্থা চালু করা হবে।

বিতরণব্যবস্থার আধুনিকায়নে প্রকল্প দুটিতে ‘ফল্ট লোকেটর’ প্রযুক্তিও স্থাপন করা হবে। এর মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। ফলে ত্রুটি নিরসন করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া প্রকল্প দুটি বাস্তবায়নের মাধ্যমে সিস্টেম লস কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঢাকার পার্শ্ববর্তী ১৩টি সমিতির এলাকায় সিস্টেম লস বর্তমানের ৫ দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে ৪ দশমিক ৫৭ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে সিস্টেম লস ১০ দশমিক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ৮ দশমিক ৪০ শতাংশে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।