tanaka
প্রচ্ছদটপ নিউজসারাদিন স্বর্ণদ্বীপে সামরিক মহড়ায়, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী

সারাদিন স্বর্ণদ্বীপে সামরিক মহড়ায়, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী

সারাদিন রোদ-গরম উপেক্ষা করে নোয়াখালীর স্বর্ণদ্বীপে সামরিক মহড়াসহ বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ কর্মসূচি শেষে বিশ্রামে না গিয়ে সন্ধ্যায় আবার সচিবালয়ে গিয়ে দাপ্তরিক দায়িত্ব পালন করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন। এরপর একে একে কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে অংশ নেন তিনি।

এর আগে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শনে সকাল ৮টা ৩০ মিনিটে বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে নয়, নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল বা সাঁজোয়া যান চালিয়ে যৌথ বিশেষ বাহিনীর এই অনুশীলন প্রত্যক্ষ করেন।

এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মহড়াস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

মহড়া পরিদর্শন ও অন্যান্য কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। তবে দীর্ঘ কর্মব্যস্ত দিনের পর বাসায় না ফিরে সরাসরি সচিবালয়ে যান তিনি। সেখানে সন্ধ্যা পর্যন্ত গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে অংশ নিয়ে সরকারি দায়িত্ব পালন করেন সরকারপ্রধান।