ফুটবল মাঠে লাল কার্ড দেখে মেজাজ হারিয়ে ড্রেসিংরুমে চলে গিয়েছিলেন এক খেলোয়াড়। তবে কয়েক মিনিট পর ছুরি হাতে আবারও মাঠে ফিরে আসেন তিনি। এরপর প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয়ভীতি দেখাতে শুরু করেন। ইতালির সিসিলিতে একটি অপেশাদার ফুটবল ম্যাচে ঘটেছে এমন নজিরবিহীন ঘটনা।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহায়তাও নিতে হয় আয়োজকদের। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ আহত হননি।
ঘটনাটি ইতালির তৃতীয় ডিভিশনের দল গ্যালাকটিক পাওলিনি ও অ্যাথলেটিক পারতান্নার মধ্যকার ম্যাচে ঘটে। খেলা চলাকালে গ্যালাকটিকের ১০ নম্বর জার্সিধারী ফুটবলার ডেল পাওলিনি প্রতিপক্ষের ডাগআউটের সামনে অশালীন অঙ্গভঙ্গি করলে প্রথমে হলুদ কার্ড দেখেন।
কিছুক্ষণ পর প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে লাথি মারলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনার পর রেফারি ভিনসেঞ্জো পার্নিস তাঁকে লাল কার্ড দেখান। খেলোয়াড়কে রক্ষা করতে গিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন গ্যালাকটিকের কোচ কালান্দ্রাও। একপর্যায়ে তাঁকেও লাল কার্ড দেখান ম্যাচ পরিচালনাকারী।
তবে ঘটনার ভয়াবহতা তখনো বাকি ছিল। লাল কার্ড দেখে ড্রেসিংরুমে ফিরে যাওয়া পাওলিনি কয়েক মিনিট পর ছুরি হাতে আবার মাঠে প্রবেশ করেন। এরপর সরাসরি প্রতিপক্ষ পারতান্নার ডাগআউটের দিকে এগিয়ে গিয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয়ভীতি দেখাতে থাকেন। একপর্যায়ে দলের এক কর্মকর্তার গলায় ছুরি ধরে হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে।
এমন পরিস্থিতিতে ম্যাচ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সহায়তা নেওয়া হয়।
ঘটনার পর ইতালির ফুটবল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে অ্যাথলেটিক পারতান্না। ভবিষ্যতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ক্লাবটি।



