tanaka
প্রচ্ছদখেলা‘এমএলএসে চাপের অভাব’, ইউরোপের ফুটবলের সঙ্গে তুলনা করে মুলারের সমালোচনা

‘এমএলএসে চাপের অভাব’, ইউরোপের ফুটবলের সঙ্গে তুলনা করে মুলারের সমালোচনা

মেজর লিগ সকারের (এমএলএস) খেলার ধরনে প্রতিযোগিতামূলক চাপ ও ধারাবাহিকতার ঘাটতি রয়েছে বলে মনে করেন জার্মান ফুটবল তারকা থমাস মুলার। তাঁর মতে, লিগটিতে প্রমোশন ও রেলিগেশন ব্যবস্থা না থাকায় খেলোয়াড়দের মধ্যে ম্যাচজুড়ে নিজেদের সেরাটা দেওয়ার তাড়না তুলনামূলক কম। এর প্রভাব পড়ে মাঠের পারফরম্যান্সেও।

ইউরোপের শীর্ষ লিগগুলোর সঙ্গে এমএলএসের তুলনা করতে গিয়ে এমন মন্তব্য করেছেন কানাডার ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের এই ফরোয়ার্ড। বায়ার্ন মিউনিখে দীর্ঘ ১৭ বছরের অধ্যায় শেষ করে ২০২৫ সালের আগস্টে কানাডার ক্লাবটিতে যোগ দেন মুলার। সম্প্রতি ভ্যাঙ্কুভারের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী বছর পর্যন্ত বাড়িয়েছেন তিনি।

কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মুলার বলেন, এমএলএস ও ইউরোপের ফুটবলের কাঠামোগত পার্থক্যের কারণে দুই অঞ্চলের লিগের সরাসরি তুলনা করা কঠিন। বিশেষ করে অবনমন বা রেলিগেশন ব্যবস্থা না থাকায় এমএলএসের দলগুলোর ওপর চাপ তুলনামূলক কম।

রেলিগেশনের চাপ নেই, কম প্রতিযোগিতামূলক তাড়না

মুলারের ব্যাখ্যা, ইউরোপের লিগগুলোতে অবনমনের শঙ্কায় থাকা দলগুলোকে প্রতিটি ম্যাচে অস্তিত্ব রক্ষার লড়াই করতে হয়। ফলে খেলোয়াড়দের পারফরম্যান্স ও মানসিকতায়ও এর প্রভাব পড়ে। কারণ, দল অবনমিত হলে পরবর্তী মৌসুমে অনেক খেলোয়াড়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়।

অন্যদিকে, এমএলএসে রেলিগেশনের এমন কোনো শঙ্কা নেই। ফলে পুরো ৯০ মিনিট সমান মনোযোগ ও তীব্রতা ধরে রাখার তাগিদ খেলোয়াড়দের মধ্যে কিছুটা কম দেখা যায় বলে মনে করেন এই জার্মান তারকা।

এ প্রসঙ্গে মুলার বলেন, ইউরোপের নিচের সারির দলগুলোর বিপক্ষে খেললেও তাদের কাছ থেকে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয়। কিন্তু এমএলএসে কখনো কখনো খেলার ধরন বেশ ঢিলেঢালা মনে হয়। ফরাসি ভাষার ‘লেসে ফেয়ার’ ধারণার সঙ্গেও এর মিল রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আক্রমণাত্মক ফুটবলে রয়েছে আলাদা আকর্ষণ

তবে এমএলএসের ইতিবাচক দিকও তুলে ধরেছেন মুলার। তাঁর মতে, ম্যাচ যখন আক্রমণাত্মক ও উন্মুক্ত হয়ে ওঠে, তখন বেশ উপভোগ্য ফুটবল দেখা যায়। খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য এবং অসাধারণ কিছু মুহূর্তও এই লিগের অন্যতম আকর্ষণ।

তবে পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাবকে বড় সমস্যা হিসেবে দেখছেন তিনি। মুলারের মতে, একজন খেলোয়াড়ের ভালো ও খারাপ পারফরম্যান্সের মধ্যে ব্যবধান অনেক বেশি।

বিষয়টি বোঝাতে গলফের উদাহরণ টেনে তিনি বলেন, মাঝারি মানের একজন গলফারও কখনো এমন শট খেলতে পারেন, যা পেশাদার খেলোয়াড়দের পারফরম্যান্সের সঙ্গে পাল্লা দিতে পারে। ফুটবলেও এমএলএসে ব্যক্তিগত নৈপুণ্যের এমন ঝলক দেখা যায়। যেমন ফ্রি-কিক থেকে অসাধারণ গোল।

মুলারের দৃষ্টিতে, এমএলএসে ব্যক্তিগত দক্ষতা ও আক্রমণাত্মক ফুটবলের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে ইউরোপের শীর্ষ লিগগুলোর মতো প্রতিদ্বন্দ্বিতার চাপ এবং পারফরম্যান্সের ধারাবাহিকতা এখনো এই লিগে পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।