আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশের সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ডিসেম্বরকে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পক্ষ থেকে সতর্কতা জারি ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধ করা বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বরকে ঘিরে নানা আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের কেউ কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। কেউ দেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে চায় সরকার।
আওয়ামী লীগকে কেন্দ্র করে নেতাকর্মীদের দেশে ফিরে আসা নিয়ে একধরনের ধারণা তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তার মতে, এ পরিস্থিতিতে কেউ কেউ সীমান্ত দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। কোনো অভিযুক্ত আসামি যাতে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারেন, সে বিষয়ে বিজিবি বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারে।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি না, সে বিষয়ে তার সঙ্গে সরকারের আলোচনার কোনো সুযোগ নেই। বিষয়টি বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনার বিষয়।
তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের না। এই আলোচনা আমাদের সঙ্গে ভারতের।’
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও জানান, সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায়। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে করে দেশে ফিরবেন, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।



