নড়াইলে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আসাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকার আমির মোল্যার ছেলে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আজিবুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২১ মার্চ দুপুরে শিশুটির বাবা-মা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। এ সময় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটি বাড়িতে একা ছিল। এই সুযোগে প্রতিবেশী আসাদ মোল্যা ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে আসামি পালিয়ে যান।
পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিনই উত্তেজিত স্থানীয় জনতা মহাজন বাজার এলাকা থেকে আসাদ মোল্যাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় শিশুটির বাবা তাজ বিশ্বাস বাদী হয়ে নড়াগাতী থানায় মামলা করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
একই সঙ্গে জরিমানার তিন লাখ টাকা আদায় করে ভুক্তভোগী শিশুটিকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত।



