tanaka
প্রচ্ছদজাতীয়এনসিটিবিতে পদায়নের চার দিনের মাথায় ওএসডি জাহিদা বেগম

এনসিটিবিতে পদায়নের চার দিনের মাথায় ওএসডি জাহিদা বেগম

বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগের মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) পদায়নের মাত্র চার দিনের মাথায় সহযোগী অধ্যাপক ড. জাহিদা বেগমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাহিদা বেগমকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে মাউশির সহকারী পরিচালক (প্রশিক্ষণ-২) পদে দায়িত্ব পালন করা জাহিদা বেগমকে এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছিল। ওই পদায়নকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে সমালোচনা শুরু হয়। এরই মধ্যে চার দিনের ব্যবধানে তাকে ওএসডি করার সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়।

জাহিদা বেগমের বিরুদ্ধে মাউশির প্রশিক্ষণ শাখায় দায়িত্ব পালনের সময় প্রশিক্ষণের অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং স্বজনপ্রীতির মাধ্যমে বিদেশে প্রশিক্ষণের জন্য শিক্ষক নির্বাচনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে বিভিন্ন সময়ে লিখিত অভিযোগও জমা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ঘনিষ্ঠতার প্রভাব কাজে লাগিয়ে পদায়ন ও বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে ২৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে।

তার স্বামী কামরুজ্জামান ২৭তম বিসিএসের উপসচিব। বর্তমানে তিনি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই দম্পতির সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই পরিচয়ের সূত্র ধরে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

সম্প্রতি জাহিদা বেগমকে এনসিটিবিতে পদায়নের পর তার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগগুলো নতুন করে আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতেই পদায়নের চার দিনের মাথায় তাকে ওএসডি করার আদেশ জারি করল শিক্ষা মন্ত্রণালয়।