tanaka
প্রচ্ছদলাইফস্টাইলমুখে চাকা চাকা সাদা দাগ কেন হয়, কোন রোগের লক্ষণ হতে পারে?

মুখে চাকা চাকা সাদা দাগ কেন হয়, কোন রোগের লক্ষণ হতে পারে?

মুখে চাকা চাকা সাদা দাগ দেখা দিলে অনেকেই একে ছুলি বা ভিটামিনের ঘাটতি বলে মনে করেন। তবে ত্বকে এ ধরনের দাগের পেছনে একাধিক কারণ থাকতে পারে। কখনো এটি সাধারণ শুষ্কতা বা একজিমার লক্ষণ, আবার কখনো ছত্রাকের সংক্রমণ কিংবা ত্বকের রঞ্জক পদার্থের পরিবর্তনের কারণেও এমন হতে পারে। তাই দাগের ধরন ও অন্যান্য উপসর্গ বিবেচনা করে কারণ নির্ণয় করা জরুরি।

বিশেষ করে শিশু ও কিশোরদের মুখে হালকা সাদা, শুষ্ক কিংবা সামান্য খসখসে দাগ দেখা যায়। এটি পিটিরিয়াসিস অ্যালবা নামের এক ধরনের মৃদু ত্বকের সমস্যা হতে পারে। শীতকালে ত্বক শুষ্ক হয়ে গেলে কিংবা রোদে গেলে দাগগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে।

এ ছাড়া টিনিয়া ভার্সিকালার বা ছত্রাকের সংক্রমণেও ত্বকে সাদাটে কিংবা হালকা রঙের ছোপ তৈরি হতে পারে। এসব দাগে কখনো চুলকানি ও সূক্ষ্ম আঁশের মতো চামড়া ওঠার লক্ষণ দেখা যায়। অন্যদিকে, ত্বকের মেলানিন উৎপাদনকারী কোষ নষ্ট হয়ে গেলে ভিটিলিগো বা শ্বেতী রোগ হতে পারে। এতে ত্বকে স্পষ্ট সাদা দাগ তৈরি হয়।

ত্বকে প্রদাহ, আঘাত কিংবা কোনো ক্ষত সেরে যাওয়ার পরও সাময়িকভাবে ওই স্থানের স্বাভাবিক রং পরিবর্তিত হতে পারে। এ ধরনের দাগ সাধারণত ছোঁয়াচে নয়। আবার মুখের সাদা দাগ মানেই ভিটামিনের অভাব—এমন ধারণাও সঠিক নয়।

শীতকালে মুখের ত্বক শুষ্ক হয়ে পড়ার পাশাপাশি সাদা ছোপের সমস্যা অনেকের মধ্যে দেখা যায়। অনেকে একে ছুলি মনে করলেও সব ক্ষেত্রে এটি ছত্রাকজনিত সমস্যা নয়। মাইকোসিস, ডার্মাটাইটিসসহ বিভিন্ন চর্মরোগের কারণেও ত্বকের রঙে পরিবর্তন আসতে পারে।

যেসব ভিটামিনের ঘাটতিতে ত্বকের সমস্যা হতে পারে

কিছু ভিটামিনের অভাবে ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য ব্যাহত হতে পারে। বিশেষ করে নিচের ভিটামিনগুলোর ঘাটতি থাকলে ত্বকে শুষ্কতা, প্রদাহ, র‍্যাশ কিংবা অন্যান্য পরিবর্তন দেখা দিতে পারে।

১. ভিটামিন সি

ত্বক ও চুলের সুস্থতা বজায় রাখার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা তৈরিতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বকের গঠন ও স্থিতিস্থাপকতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় কোলাজেন তৈরিতেও এই ভিটামিনের ভূমিকা রয়েছে। এর ঘাটতি হলে ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

২. ভিটামিন বি২

ভিটামিন বি২ বা রাইবোফ্লাভিন ত্বক, চুল ও নখের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। পাশাপাশি লোহিত রক্তকণিকা তৈরিতেও এটি প্রয়োজনীয়। এই ভিটামিনের অভাবে ঠোঁট ফেটে যাওয়া, মুখের কোণে ঘা এবং ত্বকে প্রদাহের মতো সমস্যা দেখা দিতে পারে।

৩. ভিটামিন বি৩

ভিটামিন বি৩ বা নিয়াসিন ত্বকের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ। এর মারাত্মক ঘাটতিতে পেলাগ্রা নামের রোগ হতে পারে। এতে ত্বকে র‍্যাশ, লালচে দাগ ও সূর্যালোকের সংস্পর্শে ত্বকের ক্ষতি দেখা যায়। পাশাপাশি হজম ও স্নায়ুতন্ত্রেও সমস্যা হতে পারে।

৪. ভিটামিন বি৬

ভিটামিন বি৬ বা পাইরিডক্সিন শরীরের রোগ প্রতিরোধক্ষমতা ও বিভিন্ন বিপাকীয় কার্যক্রমে ভূমিকা রাখে। এর ঘাটতি হলে ত্বকে প্রদাহ, র‍্যাশ এবং ঠোঁট বা মুখের আশপাশে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

৫. ভিটামিন বি১২

ভিটামিন বি১২ বা কোবালামিন লোহিত রক্তকণিকা তৈরি এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। এর ঘাটতিতে রক্তস্বল্পতা, দুর্বলতা এবং কিছু ক্ষেত্রে ত্বকের রঙে পরিবর্তন দেখা দিতে পারে।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

মুখে সাদা দাগ দেখা দিলে নিজে থেকে ছত্রাকনাশক বা স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করা উচিত নয়। দাগ দ্রুত ছড়িয়ে পড়লে, স্পষ্ট সাদা হয়ে গেলে, চুলকানি বা খোসা ওঠার সমস্যা থাকলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

মনে রাখতে হবে, মুখের সাদা দাগের চিকিৎসা নির্ভর করে এর প্রকৃত কারণের ওপর। তাই শুধু দাগ দেখে ভিটামিনের ঘাটতি ধরে নিয়ে সাপ্লিমেন্ট গ্রহণ না করে প্রয়োজন অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসা করানোই ভালো।