দীর্ঘ অসুস্থতা ও চিকিৎসার কঠিন সময় পেরিয়ে অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমার, অস্ত্রোপচার ও কেমোথেরাপির মতো কঠিন পরিস্থিতি মোকাবিলা করে প্রায় নয় মাস পর কাজে ফিরেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। নতুন নাটক ‘অংশীদার’ দিয়ে পর্দায় প্রত্যাবর্তন করে আবারও নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দিয়েছেন এই অভিনেত্রী।
গত ২৬ অক্টোবর নাটকটির শুটিংয়ে অংশ নেন তানিয়া বৃষ্টি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটি শনিবার (২১ নভেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুরসহ আরও অনেকে।
মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের মাত্র ২২ ঘণ্টার মধ্যে এর ভিউ দাঁড়ায় ১৫ লাখ ৮৫ হাজারের বেশি। নাটকের গল্প ও অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা। অনেকেই জানিয়েছেন, নাটকটির বেশ কিছু ঘটনা তাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলে গেছে।
এক দর্শক মন্তব্যে লিখেছেন, তাদের পরিবারেও কোনো ভাই নেই, রয়েছেন তিন বোন। বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি তাকে ব্যথিত করেছে। আরেক দর্শক জানিয়েছেন, বাবার মৃত্যুর পর আত্মীয়স্বজনের বিভিন্ন রূপ তারাও দেখেছেন। ফলে নাটকটির গল্পের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পেয়েছেন।
নাটকটির মূল উপজীব্য পারিবারিক দ্বন্দ্ব, বাবার সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। বিশেষ করে উত্তরাধিকার সম্পত্তিতে মেয়েদের প্রাপ্য অধিকার নিয়ে নাটকের বক্তব্য দর্শকদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। অনেকেই গল্পের মধ্যে নিজেদের পারিবারিক ও সামাজিক বাস্তবতার প্রতিফলন দেখতে পেয়েছেন।
দীর্ঘ বিরতির পর প্রিয় অভিনেত্রীকে পর্দায় ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা। সামাজিক মাধ্যমে তার সুস্থতা কামনার পাশাপাশি নিয়মিত অভিনয়ে ফেরার প্রত্যাশাও জানাচ্ছেন তারা।
দর্শকদের এমন সাড়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাটকটির নির্মাতা ইকসান রনি। তানিয়া বৃষ্টির সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অভিনেত্রীর অসুস্থতার কারণে এর আগে একসঙ্গে কাজ করার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরে আবার যোগাযোগ হলে নাটকের গল্প পড়ে তানিয়া নিজেই অভিনয়ে আগ্রহ প্রকাশ করেন। শুটিংয়ের সময় তাকে আগের তুলনায় আরও আত্মবিশ্বাসী মনে হয়েছে।
নির্মাতা আরও বলেন, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। নাটকটির মাধ্যমে নারীর ন্যায্য অধিকার ও আত্মমর্যাদার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন তারা। দর্শকদের কাছ থেকে পাওয়া এই সাড়া পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।



