সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।
আদালতে নাহিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী সাথী সাহা। শুনানিতে তিনি দাবি করেন, মামলার ঘটনার অনেক আগেই নুরুল ইসলাম নাহিদ রাজনীতি ও সব ধরনের পেশাগত কর্মকাণ্ড থেকে অবসর নিয়েছেন। রাজপথে মিছিল করা কিংবা নেতৃত্ব দেওয়ার মতো বয়স ও শারীরিক সক্ষমতা তার নেই।
আইনজীবী আরও বলেন, নাহিদ একজন বয়স্ক ও অসুস্থ ব্যক্তি। জামিন পেলে তিনি পালিয়ে যাবেন না। এসব বিবেচনায় তার জামিন মঞ্জুরের আবেদন জানান তিনি।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিন আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আবেদনটি খারিজ করে দেন।
এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। পরদিন সাদিকুল ইসলাম হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ ওঠে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় আন্দোলনকারীদের ধাওয়া করে মারধরের পাশাপাশি গুলিও চালানো হয়। এতে সাদিকুলের পেটে গুলি লাগে।
পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলাতেই গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



