হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ১০৬ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটের এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে নজরদারিতে রাখা হয়। পরে ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়।
একপর্যায়ে শরীরে অবৈধ কোনো বস্তু লুকানো আছে কি না, তা নিশ্চিত করতে ওই যাত্রীকে স্ক্যান করা হলে তিনি নিজের কাছে স্বর্ণবার থাকার কথা স্বীকার করেন।
পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই যাত্রীর শরীর থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। এরপর কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণবার পাওয়া যায়।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ১০৬ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



