tanaka
প্রচ্ছদজাতীয়শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়া তিন বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। দিনের শুরুতে ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে কুশল বিনিময় করবেন তিনি।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেবেন।

অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

উল্লেখ্য, ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে প্রথমবারের মতো স্থল, নৌ ও আকাশপথে সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ চালানো হয়।

সেনা, নৌ ও বিমানবাহিনীর এই সম্মিলিত অভিযানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ নতুন গতি লাভ করে। গেরিলা যুদ্ধের পাশাপাশি তিন বাহিনীর সমন্বিত আক্রমণে পাকিস্তানি বাহিনীর প্রতিরোধব্যবস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়ে। এর ফলে মুক্তিযোদ্ধাদের বিজয়ের পথ আরও সুগম হয়। দীর্ঘ সংগ্রাম ও সশস্ত্র প্রতিরোধের ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ।