রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন, হুটার ও বিকন লাইটের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম ব্যবহার করা যানবাহনের বিরুদ্ধে অভিযান চালনো হবে।নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সরঞ্জাম খুলে না ফেললে গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে রাজধানীর সব যানবাহন থেকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অনুমোদন ছাড়াই হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে।এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহার নগরীতে শব্দদূষণ বাড়ানোর পাশাপাশি স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করছে। বিশেষ করে উচ্চ শব্দের কারণে নগরবাসীকে প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, যানবাহনে ব্যবহৃত এসব উচ্চ শব্দ সৃষ্টিকারী সরঞ্জামের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অতিরিক্ত শব্দ তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।



