tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকবাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, কেশম দ্বীপে পাল্টা আঘাত যুক্তরাষ্ট্রের

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, কেশম দ্বীপে পাল্টা আঘাত যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার অভিযোগের পরপরই ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে পাল্টা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দুই দেশের সরাসরি পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে দুই দেশের সামরিক হামলার এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া এসব ড্রোন আকাশেই ভূপাতিত করার দাবি করেছে মার্কিন বাহিনী।

উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনায় এই ঘাঁটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে বিবেচিত।

তবে হামলার দায় স্বীকার করে আইআরজিসি জানিয়েছে, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন বাহিনীর শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড ও উসকানির জবাব দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানের হামলার অভিযোগের পরপরই পাল্টা সামরিক পদক্ষেপ নেয় ওয়াশিংটন। মার্কিন সেনা ও সামরিক স্থাপনার ওপর ইরানের সরাসরি হামলার অভিযোগ তুলে দেশটির অভ্যন্তরে আঘাত হানার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

আত্মরক্ষার যুক্তি দেখিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। এর অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানায় মার্কিন পক্ষ।

ইরানের হরমোজগান প্রদেশের গভর্নরের দপ্তরের এক কর্মকর্তা কেশম দ্বীপে মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দ্বীপটির কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে।

তবে এসব হামলায় দ্বীপটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইরান। ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, হামলায় কেশম দ্বীপের কোনো আবাসিক এলাকা, বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।

এদিকে, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার নিন্দা জানিয়েছে মিশর। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার এ ঘটনা পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়িয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।