tanaka
প্রচ্ছদমতামতনাশকতা-হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ফের বিতর্কে নিষিদ্ধ আ’লীগ

নাশকতা-হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ফের বিতর্কে নিষিদ্ধ আ’লীগ

শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন যেকোনো গণতান্ত্রিক সমাজে স্বাভাবিক ও গ্রহণযোগ্য। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিশ্চয়তা এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন—এসব দাবি শ্রমিকের মৌলিক অধিকার। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের মতো একটি গুরুত্বপূর্ণ রপ্তানিনির্ভর খাতে শ্রমিকদের অসন্তোষকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা রাষ্ট্র, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব। কিন্তু শ্রমিকের এই ন্যায্য দাবিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালানোর অভিযোগ পরিস্থিতিকে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে এমন অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনে অনুপ্রবেশ করে সহিংসতা করছে এ অভিযোগ উঠে এসেছে।

এ ধরনের কর্মকাণ্ডের সত্যতা জরুরী ভিত্তিতে তদন্তের মাধ্যমে নিশ্চিত করে শাস্তির আওতায় এন তা জনগণের সন্মুখে তুলে ধরতে হবে। অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে তা শুধু দেশের শিল্প খাতের জন্য বিপজ্জনক হবে না, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করবে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে নাশকতার হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনৈতিক কৌশল হতে পারে না। বরং এতে সাধারণ শ্রমিকের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়, জনজীবনে দুর্ভোগ বাড়ে এবং সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তির প্রতি মানুষের অবিশ্বাস আরও গভীর হয়।

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের পেছনে রয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মজুরি নিয়ে অসন্তোষ এবং কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মতো বাস্তব বিষয়। পোশাকশ্রমিকদের একটি অংশ ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আন্দোলন করেছেন। তাঁদের বক্তব্যের যথার্থতা, অর্থনৈতিক বাস্তবতা এবং শিল্পের সক্ষমতা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু শ্রমিকদের দাবির যৌক্তিকতা যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সেই দাবি আদায়ের আন্দোলনে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা পুলিশের ওপর হামলার কোনো সুযোগ নেই।

বাসসের ৪ নভেম্বর প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীর অনুপ্রবেশ এবং নাশকতায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনটিতে শ্রমিক সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গ্রেপ্তার ব্যক্তিদের বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, ভিডিও এবং ফ্যাক্টচেক প্রতিষ্ঠানের তথ্যের উল্লেখ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতা সৃষ্টির অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আওয়ামী লীগের ৩৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে। এর আগে ১ নভেম্বর রাজধানীর মিরপুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পোশাকশ্রমিক নন; তাঁরা দেশের বিভিন্ন জেলা থেকে এসে আন্দোলনে যুক্ত হয়েছিলেন। এসব অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা আদালত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। তবে শ্রমিক আন্দোলনে বহিরাগতদের অনুপ্রবেশ এবং পরিকল্পিত সহিংসতার অভিযোগকে হালকাভাবে দেখার সুযোগ নেই।

এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন—আন্দোলনকারী সব শ্রমিককে নাশকতাকারী হিসেবে চিহ্নিত করা যেমন অন্যায়, তেমনি শ্রমিকের পরিচয় ব্যবহার করে সহিংসতা চালানোর চেষ্টাকেও শ্রমিক আন্দোলনের অংশ বলে বৈধতা দেওয়া যায় না। এই দুইয়ের পার্থক্য স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব।

১৪ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ও মৌচাক এলাকায় শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যানবাহন ও কারখানায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের আড়ালে অস্থিরতা সৃষ্টি ও নাশকতার অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উসকানি ও নাশকতার অভিযোগে ২০ জনকে আটক এবং ১৭টি কারখানায় ছুটি ঘোষণার খবরও প্রকাশিত হয়েছে।

এই ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো শ্রমিক অসন্তোষের চিত্র নয়; বরং শিল্পাঞ্চলের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক পরিবেশের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। একটি কারখানায় অগ্নিসংযোগের অর্থ শুধু একটি ভবন বা কিছু যন্ত্রপাতির ক্ষতি নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে শ্রমিকের কর্মসংস্থান, মালিকের বিনিয়োগ, বিদেশি ক্রেতার আস্থা এবং দেশের রপ্তানি আয়। মহাসড়কে আগুন, যানবাহন ভাঙচুর কিংবা পুলিশের ওপর হামলার ফলে সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়েন।

গাজীপুরের ঘটনায় কয়েক ঘণ্টার জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয় এবং শিল্পাঞ্চলের অস্থিরতা কত দ্রুত জাতীয় যোগাযোগব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। শ্রমিকের নামে সংঘটিত সহিংসতা শেষ পর্যন্ত শ্রমিককেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। কারখানা বন্ধ থাকলে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমিকের পরিবার বিপাকে পড়ে। উৎপাদন ব্যাহত হলে রপ্তানি আদেশ সময়মতো সরবরাহ করা কঠিন হয়। আর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব পড়ে লাখ লাখ শ্রমিকের ভবিষ্যতের ওপর।

আওয়ামী লীগ দীর্ঘদিন পেশীশক্তির বলে রাষ্ট্রক্ষমতায় ছিল। দলটির সাংগঠনিক কাঠামো, রাজনৈতিক নেটওয়ার্ক এবং বিভিন্ন পর্যায়ে কর্মী-সমর্থক রয়েছে। কিন্তু ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দলটির অবস্থান সম্পূর্ণ বদলে গেছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগও সীমিত হয়েছে। এমন পরিস্থিতিতে দলটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল নিজেদের রাজনৈতিক অবস্থান, অতীতের ভুল এবং ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করা। জনগণের কাছে গ্রহণযোগ্যতা ফিরে পাওয়ার জন্য প্রয়োজন ছিল দায়িত্বশীল রাজনৈতিক আচরণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল হওয়া।

কিন্তু শ্রমিক অসন্তোষের মতো স্পর্শকাতর বিষয়কে ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির কারণে দলটির রাজনৈতিক সংকট আরও গভীর করবে। কারণ, কোনো রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা শুধু তার অতীতের ক্ষমতা কিংবা সাংগঠনিক শক্তির ওপর নির্ভর করে না। নির্ভর করে জনগণের স্বার্থে তার ভূমিকা, রাজনৈতিক আচরণ এবং সংকটকালে দায়িত্বশীলতার ওপর।

যে রাজনৈতিক শক্তি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার কথা বলবে, অথচ সেই শ্রমিকের কর্মস্থলেই আগুন লাগাবে, উৎপাদন বন্ধ করবে কিংবা সহিংসতা সৃষ্টির সঙ্গে তার নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠবে, সেই শক্তির বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বেই। রাজনৈতিকভাবে টিকে থাকতে হলে জনসমর্থন প্রয়োজন। আর জনসমর্থন অর্জনের পথ কখনোই ভয়ভীতি, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা হতে পারে না।

বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের জন্য এমন অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর। কারণ, রাজনৈতিক পরিবর্তনের পর দলটির অতীত শাসন, বিরোধী মতের প্রতি আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ নিয়ে জনপরিসরে আলোচনা রয়েছে। নতুন করে সহিংসতার অভিযোগ সামনে এলে জনগণের একটি অংশের মধ্যে দলটির বিষয়ে নেতিবাচক ধারণা আরও শক্তিশালী হতে পারে। এতে দলটির রাজনৈতিক পুনর্বাসন কিংবা ভবিষ্যতে স্বাভাবিক রাজনৈতিক প্রতিযোগিতায় ফেরার সম্ভাবনাও জটিল হয়ে উঠবে।

তবে এ ক্ষেত্রে রাজনৈতিক দায় ও ব্যক্তিগত অপরাধের মধ্যে পার্থক্য রাখতে হবে। কোনো ব্যক্তির অপরাধের দায় প্রমাণ ছাড়া পুরো দলের প্রতিটি সদস্য বা সমর্থকের ওপর চাপানো ন্যায়সংগত নয়। একইভাবে দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধ সংঘটিত হলে রাজনৈতিক সংগঠনটিরও আত্মসমালোচনা ও সাংগঠনিক জবাবদিহি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ খাতে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে এবং বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলারের রপ্তানি আয় আসে। এর বড় অংশের সঙ্গে যুক্ত নারী শ্রমিক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রকাশিত প্রতিবেদনেও শ্রমিক অসন্তোষের কারণে শত শত কারখানা বন্ধ হওয়া, মহাসড়ক অবরোধ এবং উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি উঠে এসেছে।

এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছে পরিবহন, ব্যাংকিং, বন্দর, কাঁচামাল সরবরাহ, আবাসন, খাদ্য এবং অসংখ্য ক্ষুদ্র ব্যবসা। ফলে শিল্পাঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে তার প্রভাব শুধু পোশাক কারখানার মধ্যে সীমাবদ্ধ থাকে না। দেশের সামগ্রিক অর্থনীতিতেও তার নেতিবাচক প্রভাব পড়ে।

বিশ্ববাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে চীন, ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া ও অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। ক্রেতারা শুধু পণ্যের দাম ও মান বিবেচনা করেন না; উৎপাদনের ধারাবাহিকতা, শ্রমিকের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সময়মতো পণ্য সরবরাহের সক্ষমতাও বিবেচনায় নেন। বাংলাদেশে যদি বারবার কারখানা বন্ধ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তাহলে বিদেশি ক্রেতারা বিকল্প উৎপাদনকেন্দ্রের দিকে ঝুঁকতে পারেন। এর সবচেয়ে বড় মূল্য দিতে হবে শ্রমিকদের। কারণ, কারখানায় অর্ডার কমলে নতুন নিয়োগ বন্ধ হবে, অতিরিক্ত কাজের সুযোগ কমবে এবং কোনো কোনো ক্ষেত্রে কর্মসংস্থানও সংকুচিত হতে পারে। রাজনৈতিক স্বার্থে শ্রমিকের জীবন-জীবিকা ঝুঁকিতে ফেলার পরিণতি অত্যন্ত ভয়াবহ।

এখানে সরকারের দায়িত্বও কম নয়। শ্রমিক আন্দোলনে রাজনৈতিক অনুপ্রবেশ ও নাশকতার অভিযোগ সামনে এলেই শ্রমিকদের সব দাবি অযৌক্তিক হয়ে যায় না। বরং সরকারকে দুটি বিষয় সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। একদিকে পরিকল্পিত সহিংসতা ও নাশকতা কঠোরভাবে দমন করতে হবে, অন্যদিকে শ্রমিকদের প্রকৃত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সরকার ইতিমধ্যে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। ১ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং নিরপেক্ষ সদস্যদের অন্তর্ভুক্ত করে এ বোর্ড গঠন করা হয়েছে। এটি ইতিবাচক উদ্যোগ। তবে শুধু বোর্ড গঠন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। শ্রমিকদের প্রত্যাশা, শিল্পের আর্থিক সক্ষমতা এবং মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে শ্রমিকদের সঙ্গে নিয়মিত সংলাপ, কারখানাভিত্তিক অভিযোগ নিষ্পত্তি, বকেয়া বেতন পরিশোধ, কর্মপরিবেশের উন্নয়ন এবং শ্রমিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের দাবির প্রতি অবহেলা কিংবা অযথা দমন-পীড়ন পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। মনে রাখতে হবে, প্রকৃত শ্রমিক অসন্তোষের সমাধান না হলে নাশকতাকারীরা সেই অসন্তোষকে কাজে লাগানোর সুযোগ পাবে।

অতএব, সরকারকে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে শ্রমিকেরা ভয়ভীতি ছাড়াই তাঁদের দাবি জানাতে পারবেন। একই সঙ্গে কোনো রাজনৈতিক গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল যাতে শ্রমিকের পরিচয় ব্যবহার করে সহিংসতা চালাতে না পারে, সে ব্যবস্থাও নিশ্চিত করা জরুরী।

শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত। শুধু রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার কিংবা হয়রানি করা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীদের রেহাই দেওয়ারও সুযোগ থাকা উচিত নয়।

গোয়েন্দা তথ্য, ভিডিও ফুটেজ, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং অন্যান্য তথ্যপ্রমাণ যাচাই করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ আদালতে উপস্থাপন করতে হবে। কারা অর্থায়ন করেছে, কারা লোক সংগ্রহ করেছে, কারা উসকানি দিয়েছে এবং কারা সরাসরি হামলা ও অগ্নিসংযোগে অংশ নিয়েছে—এসব বিষয় তদন্তের মাধ্যমে বের করে আনা প্রয়োজন। বিশেষ করে কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় বা স্থানীয় নেতৃত্বের নির্দেশনা কিংবা অর্থায়নের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। কারণ, পরিকল্পিত নাশকতা যদি সাংগঠনিকভাবে পরিচালিত হয়ে থাকে, তাহলে শুধু মাঠপর্যায়ের কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করে সমস্যার সমাধান হবে না। অপরাধের পেছনের নেটওয়ার্ক ও অর্থের উৎসও শনাক্ত করতে হবে।

আওয়ামী লীগের জন্য বর্তমান পরিস্থিতি একটি রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হওয়ার সময়। দলটি যদি সত্যিই ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে চায়, তাহলে প্রথমেই সহিংসতা ও নাশকতার পথ থেকে সরে আসতে হবে। রাজনীতি মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা, জনস্বার্থ রক্ষা এবং রাষ্ট্র পরিচালনার বিষয়ে বিকল্প চিন্তা তুলে ধরা। শ্রমিকের ন্যায্য মজুরির দাবিকে সমর্থন করতে হলে শ্রমিকের পাশে দাঁড়াতে হবে, তাঁদের কর্মসংস্থান রক্ষায় ভূমিকা রাখতে হবে। কারখানায় আগুন দিয়ে, যানবাহন পুড়িয়ে কিংবা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে শ্রমিকের কল্যাণ নিশ্চিত করা যায় না।

এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সত্য প্রমাণিত হলে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের উচিত হবে দায় এড়িয়ে না গিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। দলটির নেতাকর্মীদেরও বুঝতে হবে, অতীতের রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার ইতিহাস দিয়ে বর্তমানের অপরাধকে বৈধতা দেওয়া যায় না। জনগণের আস্থা ফিরে পেতে হলে আচরণে পরিবর্তন, আইনের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা অপরিহার্য।

একই সঙ্গে সরকার ও রাজনৈতিক দলগুলোকেও মনে রাখতে হবে, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কারণে দেশের অর্থনীতি ও শ্রমিকের জীবন-জীবিকা জিম্মি হতে পারে না। রাজনৈতিক বিরোধের নিষ্পত্তি হতে হবে রাজনৈতিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে।

বাংলাদেশ এখন অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। এই সময়ে তৈরি পোশাকশিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতে অস্থিরতা কোনোভাবেই কাম্য নয়। শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিল্পের উৎপাদন অব্যাহত রাখা—দুটিই সমান গুরুত্বপূর্ণ। একটিকে উপেক্ষা করে অন্যটি দীর্ঘমেয়াদে রক্ষা করা সম্ভব নয়।

শ্রমিকের অধিকারকে রাজনৈতিক সহিংসতার ঢাল হিসেবে ব্যবহার করার প্রবণতা বন্ধ করতে হবে। শ্রমিকের ঘাম, শ্রম ও জীবিকা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় ফেরা কিংবা ক্ষমতার বাইরে থেকে অস্থিরতা তৈরির হাতিয়ার হতে পারে না। যে রাজনৈতিক শক্তি শ্রমিকের কর্মস্থল, জীবিকা ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে, জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ হবে।

আওয়ামী লীগের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতার অভিযোগ দলটির রাজনৈতিক ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে যদি সহিংসতার অভিযোগই দলটির পরিচয়ের অংশ হয়ে ওঠে, তাহলে সেই সংকট থেকে উত্তরণ আরও কঠিন হবে। রাজনীতিতে শেষ পর্যন্ত টিকে থাকে জনগণের আস্থা, দায়িত্বশীলতা ও গ্রহণযোগ্যতা—অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা ভয়ভীতি নয়।

রাষ্ট্রের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শ্রমিকের অধিকার সুরক্ষা, শিল্পের নিরাপত্তা এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ—এই তিনটি বিষয়কে সমন্বিতভাবে নিশ্চিত করা। কারণ, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে অর্থনীতি এগোবে। আর রাজনৈতিক স্বার্থে এই বাস্তবতা যারা উপেক্ষা করবে, রাজনৈতিকভাবে তাদের মূল্যও দিতে হবে।

ম. হামিদুল হক মানিক, কার্যনির্বাহী সদস্য: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)