হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর থেকে আংশিকভাবে শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে নতুন এই টার্মিনালের কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আজ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা সম্ভব হবে।
মন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট নিয়ে কার্যক্রম শুরু হবে।’ পরবর্তী সময়ে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনালের উদ্বোধন ও কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভায় বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী এসব কথা বলেন। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিস্তারিত জানানো হয়।
সভায় টার্মিনাল চালুর প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ সচল করা, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা (ট্রায়াল অপারেশন) এবং সংশ্লিষ্ট বিভিন্ন চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। এ সময় অংশীজনেরা নিজ নিজ প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন এবং কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় পদক্ষেপগুলো চিহ্নিত করেন।
মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনালটি কার্যকর করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
এ প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘নির্ধারিত সময়ে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।’
প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবার ধারাবাহিক প্রচেষ্টায় টার্মিনালটি এখন কার্যক্রম শুরুর পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে মন্ত্রী সভার সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। অংশীজনদের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতায় আগামী ১৬ ডিসেম্বর নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সভায় ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব, মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় অংশ নেন।



