tanaka
প্রচ্ছদসারাদেশকুয়াকাটায় জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, বিক্রি হলো ৮ হাজার...

কুয়াকাটায় জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায়

পটুয়াখালীর কুয়াকাটায় জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বিশাল ইলিশ। পরে পৌর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে মাছটি ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে মাছটির দাম নির্ধারণ করা হয়।

নিলামে মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামী। তিনি জানান, বাজারে এত বড় আকৃতির ইলিশ খুব একটা দেখা যায় না। মাছটির ওজন ও গুণগত মান বিবেচনা করেই তিনি এটি কেনার সিদ্ধান্ত নেন। ইলিশটি রপ্তানির জন্য প্রস্তুত করা হবে বলেও জানান তিনি। এর আগে ২ কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন এই ব্যবসায়ী।

জেলে নবী হোসেন বলেন, মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর তাঁর জালে এটিই প্রথম বড় আকৃতির ইলিশ। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে তাঁরা আনন্দিত।

এদিকে বড় ইলিশ কেনার আগ্রহ থাকলেও দামের কারণে সাধারণ ক্রেতাদের জন্য তা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান জানান, বড় ইলিশ কেনার ইচ্ছা থাকলেও অতিরিক্ত দামের কারণে মধ্যবিত্ত পরিবারের পক্ষে এ ধরনের মাছ কেনা সম্ভব হচ্ছে না।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, প্রজনন মৌসুমে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একটি বড় ইলিশ ধরা পড়ার ঘটনাকে সামগ্রিক উৎপাদন বৃদ্ধির প্রমাণ হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। এ বিষয়ে নিশ্চিত হতে দীর্ঘমেয়াদি গবেষণা এবং মাছ আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ করা প্রয়োজন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে মাছ আহরণ করা অত্যন্ত জরুরি।