tanaka
প্রচ্ছদজাতীয়আগুন ও ককটেল বিস্ফোরণ প্রতিরোধে আইজিপির নির্দেশনা

আগুন ও ককটেল বিস্ফোরণ প্রতিরোধে আইজিপির নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ ধরনের নাশকতা ঠেকাতে পুলিশি টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ (এসপি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেন আইজিপি।

পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত হন।

বৈঠকের বিষয়ে রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, যে কোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। এ লক্ষ্যে পুলিশি টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুষ্কৃতকারীদের পেশাদারিত্বের সঙ্গে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন আইজিপি। তবে আইনশৃঙ্খলা রক্ষার নামে কোনো নিরপরাধ সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছেন তিনি।

এ ছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার (৭ নভেম্বর) থেকে সোমবার (৯ নভেম্বর) পর্যন্ত দেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।