tanaka
প্রচ্ছদঅন্যান্যআমির হামজার কথিত অডিওতে এআইয়ের ব্যবহার মেলেনি, জানাল ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান

আমির হামজার কথিত অডিওতে এআইয়ের ব্যবহার মেলেনি, জানাল ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। একাধিক অনলাইন টুল ব্যবহার করে অডিওগুলো পরীক্ষা করার পর এমন তথ্য জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। তবে অডিওগুলোর প্রকৃত উৎস কিংবা কথোপকথনের প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত হতে পারেনি প্রতিষ্ঠানটি।

দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রচারিত অডিওগুলোর সত্যতা যাচাইয়ে প্রযুক্তিগত বিশ্লেষণের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আমির হামজা এবং তার ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ কারণে কথোপকথনগুলো কার সঙ্গে এবং কোন পরিস্থিতিতে হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে আমির হামজার কথিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন। একই পোস্টে তিনি জানান, ফ্যাক্টচেকের মাধ্যমে এসব তথ্যের সত্যতা পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের কাজের জন্য অনুশোচনা প্রকাশ করতে শোনা যায়। ওই ব্যক্তির কণ্ঠে বলা হয়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’

অন্যদিকে, গত ৬ নভেম্বর বগুড়ার নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি উত্তরপাড়ায় আয়োজিত একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেন আমির হামজা। সেখানে নিজের সম্মানহানির অভিযোগ তুলে তিনি বলেন, তার বিরুদ্ধে প্রচারিত বক্তব্যের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এ ঘটনার পেছনে ভারত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করে ক্ষোভও প্রকাশ করেন তিনি।

তবে ওই মাহফিলে আমির হামজা নিজের নামে ছড়িয়ে পড়া অডিওগুলো সরাসরি এআই দিয়ে তৈরি কিংবা সম্পাদনা করা হয়েছে বলে দাবি করেননি। তার বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি অনলাইন পোর্টালে অডিও-ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে প্রচার করা হয়।

দ্য ডিসেন্টের অনুসন্ধানে বলা হয়েছে, একাধিক অনলাইন টুলে অডিওগুলো পরীক্ষা করেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কোনো প্রমাণ মেলেনি। তবে এ ধরনের প্রযুক্তিগত বিশ্লেষণ থেকে অডিওর প্রকৃত উৎস কিংবা কথোপকথনের পেছনের ঘটনা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

এদিকে আমির হামজার নামে কথিত অডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খাঁনকে ঘিরে নেতিবাচক প্রচারণা শুরু হয়। দ্য ডিসেন্টের অনুসন্ধানে গত চার দিনে তাকে লক্ষ্য করে অন্তত ১১৮টি নেতিবাচক ভিডিও প্রকাশের তথ্য পাওয়া গেছে।

এসব ভিডিওতে রাশেদ খাঁনকে বিকৃত নামে সম্বোধন, ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে আক্রমণ, ধর্মবিরোধী হিসেবে উপস্থাপন এবং এআই প্রযুক্তিতে তৈরি আপত্তিকর ছবি ও ভুয়া অডিও ছড়িয়ে দেওয়ার মতো বিষয় দেখা গেছে।