প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন প্রায় ৩ লাখ শিক্ষার্থী। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী এ আবেদন করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ লাখ ৮৭ হাজার ১১৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে। আগামী ২৩ নভেম্বর এ কার্যক্রমের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এবারের এইচএসসি পরীক্ষায় দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়েই বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন।
আন্তশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে। এ ছাড়া কুমিল্লা বোর্ডের ৯২ হাজার ৭৭৬টি, রাজশাহী বোর্ডের ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডের ৯৭ হাজার ৬১৮টি, চট্টগ্রাম বোর্ডের ১ লাখ ১৭ হাজার ৭০০টি, বরিশাল বোর্ডের ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডের ৫১ হাজার ২৪৩টি, দিনাজপুর বোর্ডের ৮৯ হাজার ৪২০টি এবং ময়মনসিংহ বোর্ডের ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে।
অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আওতায় আসবে।
ইংরেজি ও আইসিটিতে সবচেয়ে বেশি আবেদন
এবারের এইচএসসি পরীক্ষার ফলে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন আবশ্যিক দুই বিষয় ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে (আইসিটি)। এ দুই বিষয়ে সারা দেশে ৩ লাখ ৮২ হাজার ২১ জন পরীক্ষার্থী ফেল করেছেন। ফলে বিষয় দুটিতে পুনর্নিরীক্ষণের আবেদনও জমা পড়েছে সবচেয়ে বেশি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়া ১ লাখ ১৭ হাজার ৬৯৯টি উত্তরপত্রের মধ্যে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের রয়েছে ২৩ হাজার ৭৩২টি। আইসিটি বিষয়ের উত্তরপত্র রয়েছে ১২ হাজার ২০১টি। অন্যান্য বিষয়ে আবেদনের সংখ্যা তুলনামূলক কম।
বরিশাল শিক্ষা বোর্ডেও একই চিত্র দেখা গেছে। এ বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা ৫৩ হাজার ৪০৯টি উত্তরপত্রের মধ্যে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের ১৩ হাজার ৭২৬টি এবং আইসিটির ৪ হাজার ৪৯৫টি।
ঢাকা শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্রের মধ্যে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের রয়েছে ৮৪ হাজার ৪টি। আইসিটি বিষয়ের উত্তরপত্রের সংখ্যা ৩৮ হাজার ৭৫টি।
ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে ইংরেজি ও আইসিটি বিষয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। স্বাভাবিকভাবেই এ দুই বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদনও বেশি জমা পড়েছে। অন্যান্য বিষয়ে তুলনামূলক কম আবেদন এসেছে।
একই ধরনের তথ্য জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোরশেদ রেজা। তিনি বলেন, সারা দেশের মতো বরিশাল বোর্ডেও ইংরেজি ও আইসিটি বিষয়ে বেশি আবেদন জমা পড়েছে। এ ছাড়া বাংলা, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত ও পৌরনীতি বিষয়েও উল্লেখযোগ্যসংখ্যক আবেদন রয়েছে।
পুনর্নিরীক্ষণে নম্বর কমার আশঙ্কা নেই
পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কমানো হবে না বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি বলেন, পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ক্ষেত্রে কোনো শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কমানো হবে না। তবে কোনো শিক্ষার্থী প্রাপ্য নম্বরের চেয়ে কম পেয়ে থাকলে যাচাই শেষে তাকে প্রাপ্য নম্বর দেওয়া হবে।
পুনর্নিরীক্ষণের সময় মূলত উত্তরপত্রের কয়েকটি বিষয় যাচাই করা হয়। এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, কোনো শিক্ষার্থীর উত্তরপত্রের সব উত্তর মূল্যায়ন করা হয়েছে কি না, কোনো প্রশ্নের উত্তরে প্রাপ্য নম্বরের চেয়ে কম দেওয়া হয়েছে কি না, তা দেখা হয়। এ ছাড়া পরীক্ষক নম্বর দেওয়ার ঘরে বৃত্ত পূরণে কোনো ভুল করেছেন কি না, সেটিও যাচাই করা হয়। এসব পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর প্রাপ্য নম্বর নিশ্চিত করা হয়।
কারা করেছেন পুনর্নিরীক্ষণের আবেদন?
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর পরদিন থেকে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত টেলিটকের মাধ্যমে পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ ছিল। প্রকাশিত ফলে প্রত্যাশিত নম্বর বা গ্রেড না পাওয়া শিক্ষার্থীরা এ সুযোগে আবেদন করেছেন। একজন শিক্ষার্থী চাইলে এক বা একাধিক বিষয়ে, এমনকি সব বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পেরেছেন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, শুধু অকৃতকার্য শিক্ষার্থীরাই নন, উত্তীর্ণ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অনেকেও পুনর্নিরীক্ষণের আবেদন করেন। কোনো শিক্ষার্থী ফেল করলেও যদি মনে করেন তিনি পাস করার যোগ্য, তাহলে আবেদন করতে পারেন। আবার কোনো শিক্ষার্থী একটি বিষয়ে ৮৫ নম্বর পেয়েও যদি মনে করেন তিনি ৯৫ নম্বর পাওয়ার যোগ্য, তিনিও পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারেন। তবে আবেদনকারীদের অধিকাংশই অকৃতকার্য শিক্ষার্থী।
বিভিন্ন শিক্ষা বোর্ডের সাবেক ও বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছরই পাবলিক পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর কিছু শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়। কারও জিপিএ পরিবর্তন হয়, আবার কারও এক বা দুই বিষয়ের নম্বর বাড়লেও সামগ্রিক জিপিএ অপরিবর্তিত থাকে।
পুনর্নিরীক্ষণের ফলের দিকে তাকিয়ে সম্পূরক পরীক্ষার্থীরা
এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করেছে সরকার। প্রথমবারের মতো চালু হতে যাওয়া এ পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন সারা দেশের ৫ লাখ ১৪ হাজার ৫৩৪ জন শিক্ষার্থী।
আগামী ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তবে এর আগে ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হলে অনেক শিক্ষার্থীর অবস্থার পরিবর্তন হতে পারে। বিশেষ করে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কেউ পুনর্নিরীক্ষণের পর পাস করলে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন নাও হতে পারে।
ফলে পুনর্নিরীক্ষণের আবেদন করা প্রায় ৩ লাখ শিক্ষার্থীর পাশাপাশি সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য শিক্ষার্থীদের কাছেও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ২৩ নভেম্বরের ফলাফল।



