রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত পেয়ে পালানোর চেষ্টা করার সময় পাঁচটি ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে তার সঙ্গে থাকা পলাশ (৪৫) নামে আরেক ব্যক্তি পালিয়ে গেছেন।
সোমবার (৯ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মো. এমরান হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় রয়েল এনফিল্ড মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে পৌঁছালে পুলিশ তাদের থামার সংকেত দেয়। কিন্তু সংকেত উপেক্ষা করে তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন।
পরে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ও এসআরইউ সদস্যদের সহযোগিতায় সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী পলাশ পালিয়ে যান।
পুলিশের ভাষ্য, আটকের পর সাইফুলের হাতে থাকা একটি বাজারের ব্যাগে ধানের তুষ পাওয়া যায়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ব্যাগটি পরীক্ষা করে এর ভেতর থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেন।
আটক সাইফুলের বাবার নাম মৃত মোহাম্মদ খলিলুর রহমান। তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার ঝলম গ্রামের ১ নম্বর এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ ফার্স্ট লেনে বসবাস করেন।
পুলিশ জানায়, পালিয়ে যাওয়া পলাশের বয়স আনুমানিক ৪৫ বছর। তার বাড়ি মানিকগঞ্জে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



