বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের পরিকল্পনা করছে দলটি। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মসূচি নির্ধারণে দলের স্থায়ী কমিটির তিন সদস্যকে দায়িত্ব দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মৃত্যুবার্ষিকীর আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসবেন দলের জ্যেষ্ঠ নেতারা। বৈঠকে কর্মসূচি ও আয়োজনের ধরন নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ আয়োজনের প্রস্তুতির দায়িত্ব পাওয়া তিন নেতা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন ও রুহুল কবির রিজভী।
সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, বৈঠকে তিনি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, রুহুল কবির রিজভীসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত থাকবেন।
তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী, দেশের সাধারণ মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সর্বজনগ্রাহ্য একজন নেতা ছিলেন। দেশের মানুষের তার প্রতি শ্রদ্ধা রয়েছে। সেই বিষয়টি বিবেচনায় রেখে ভাবগাম্ভীর্যের সঙ্গে আয়োজন করা হবে।’
মৃত্যুবার্ষিকীর কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, এ বিষয়ে সোমবারের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পূর্ণ ভাবগাম্ভীর্য বজায় রেখেই কর্মসূচি পালন করা হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এমন একটি স্মরণীয় আয়োজন করতে চায় দলটি, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।



