চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। মিছিলটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওয়াসিম আল ইমন নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ১ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘বোয়ালখালী থানা থেকে মাত্র ৮০০ মিটার দূরত্বে বোয়ালখালীর মাটিতে ছাত্রলীগের ব্যানারে প্রথম মিছিল করলাম।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওয়াসিম আল ইমনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের থানা রোডের মুরাদ মুন্সির হাট এলাকায় এ কর্মসূচি হয়ে থাকতে পারে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ফেসবুকে মিছিলের ভিডিওটি তার নজরে এসেছে। তবে ঘটনাস্থলটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।



