নদী গবেষণা ইনস্টিটিউটে (আরআরআই) ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। দুই ব্যাচে মোট ১২ জনকে এ সুযোগ দেওয়া হবে। তিন মাস মেয়াদি এই ইন্টার্নশিপে নির্বাচিত প্রত্যেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। কর্মসূচি শেষে দেওয়া হবে সনদ।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন—এই দুই মেয়াদে ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি ব্যাচে ছয়জন করে মোট ১২ জন ইন্টার্ন নেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নদী গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের জন্য গ্রহণযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—পুরকৌশল, যন্ত্রকৌশল, পানি সম্পদ কৌশল, রিভার ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিকস, হাইড্রোলজি, পরিবেশ প্রকৌশল, গণিত, ফলিত গণিত, তড়িৎ কৌশল, কৃষি প্রকৌশল, পদার্থবিদ্যা, মৃত্তিকাবিজ্ঞান, রসায়ন, সমুদ্রবিজ্ঞান, ভূগোল, ভূতত্ত্ব, পরিবেশবিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে এই লিংকে।
আবেদনের শেষ সময় ২৬ নভেম্বর ২০২৬।
ইন্টার্নশিপের যোগ্যতা, শর্ত ও অন্যান্য বিস্তারিত তথ্য জানা যাবে নদী গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।



