tanaka
প্রচ্ছদজাতীয়চার দিন গ্যাস বন্ধের খবর ভিত্তিহীন, সরবরাহ কমার কথা জানাল পেট্রোবাংলা

চার দিন গ্যাস বন্ধের খবর ভিত্তিহীন, সরবরাহ কমার কথা জানাল পেট্রোবাংলা

সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকার যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। এ ধরনের অপপ্রচারে আতঙ্কিত না হওয়ার পাশাপাশি গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা এ সতর্কবার্তা দেয়।

সংস্থাটি জানায়, আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন দাবি করে কয়েকটি সংবাদমাধ্যমের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি করা হচ্ছে। একটি মহল পরিকল্পিতভাবে এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। বিষয়টি পেট্রোবাংলার নজরে এসেছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীতে থাকা দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি, সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এ কারণে সাময়িকভাবে টার্মিনালটির মাধ্যমে এলএনজি পুনরায় গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রম (রিগ্যাসিফিকেশন) বন্ধ থাকবে।

এর প্রভাবে দেশে দৈনিক গ্যাস সরবরাহের পরিমাণ কমে যেতে পারে। বর্তমানে দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও আগামী চার দিন তা কমে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াতে পারে। অর্থাৎ প্রতিদিন সরবরাহে প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট ঘাটতি দেখা দিতে পারে।

তবে পেট্রোবাংলা স্পষ্ট করেছে, এ পরিস্থিতিতে সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই। সরবরাহের পরিমাণ কমে যাওয়ায় কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিত্তিহীন খবর যাচাই না করে ছড়িয়ে না দেওয়ার এবং বিভ্রান্তিকর তথ্যে আতঙ্কিত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।