বিশ্বকাপসহ নিজেদের বিভিন্ন প্রতিযোগিতার স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েও বিতর্কের মুখে পড়েছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রস্তাবটি সামনে আসার কয়েক দিনের মধ্যেই তা বাতিল করা হয়। এবার সেই উদ্যোগের পেছনের তথ্য ও নথিপত্র ফিফা কাউন্সিলের সদস্যদের দেখানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে এ ক্ষেত্রে কঠোর গোপনীয়তার শর্ত আরোপ করা হয়েছে।
সোমবার বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
গত মাসে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ফিফাকে ২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) পরিকল্পনার বিস্তারিত প্রকাশের দাবি জানিয়েছিল। উয়েফার এই চাপের পরিপ্রেক্ষিতে প্রস্তাবটির নথি পর্যালোচনার সুযোগ দিতে সম্মত হয়েছে ফিফা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফিফার সেক্রেটারি জেনারেল মাত্তিয়াস গ্রাফস্ট্রম সোমবার কাউন্সিল সদস্যদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, প্রস্তাব-সংশ্লিষ্ট নথিপত্র দেখতে আগ্রহী সদস্যদের আগে নিবন্ধন করতে হবে। এরপর সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফার সদর দপ্তরে গিয়ে নির্ধারিত নিয়ম মেনে সেগুলো পর্যালোচনা করা যাবে।
বিবিসি স্পোর্টের হাতে আসা ওই চিঠিতে গ্রাফস্ট্রম জানিয়েছেন, গোপনীয়তা বজায় রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে ‘কঠোর পর্যালোচনার নিয়মের অধীনে’ নথিগুলো দেখার ব্যবস্থা করা হবে। এ সুযোগ নিতে আগ্রহী কাউন্সিল সদস্যদের আগামী দুই সপ্তাহের মধ্যে নাম নিবন্ধন করতে বলা হয়েছে। তবে পর্যালোচনার জন্য ঠিক কোন কোন নথি সরবরাহ করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
এর আগে ফিফা কাউন্সিলের একটি বৈঠকে বাতিল হয়ে যাওয়া স্বত্বের অংশ বিক্রির পরিকল্পনা নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে প্রস্তাবটি কারা এবং কী প্রক্রিয়ায় তৈরি করেছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেননি তিনি। এ নিয়ে কাউন্সিল সদস্যদের প্রশ্ন লিখিত আকারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ফিফা সভাপতি।
নতুন সিদ্ধান্তের ফলে বিতর্কিত এফএফই পরিকল্পনা তৈরির প্রক্রিয়া এবং এর নেপথ্যের বিষয়গুলো সম্পর্কে কাউন্সিল সদস্যরা আরও স্পষ্ট ধারণা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে নথি দেখার অনুমতি দেওয়া হলেও সেগুলোর সম্পূর্ণ বিবরণ জনসমক্ষে প্রকাশ করা হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।



