tanaka
প্রচ্ছদজাতীয়ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নভেম্বর মাসের জন্য ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন এ মূল্য ঘোষণা করা হয়। রাত ৮টা থেকে কার্যকর হয়েছে নতুন দাম।

নতুন মূল্য অনুযায়ী, বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সা। সে হিসাবে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ভোক্তাকে গুনতে হবে ২ হাজার ৬০ টাকা। এর আগে অক্টোবরে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।

এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন করে ২২৩ টাকা বৃদ্ধির ফলে দুই মাসে এই সিলিন্ডারের দাম মোট ৪৭৫ টাকা বেড়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজি উৎপাদনের প্রধান দুই কাঁচামাল প্রোপেন ও বিউটেনের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। সৌদি আরামকোর নভেম্বর মাসের ঘোষিত দর অনুযায়ী, প্রতি মেট্রিক টন প্রোপেনের দাম ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলার। ৩৫:৬৫ অনুপাতে এ দুই উপাদানের মিশ্রণ বিবেচনায় গড় সৌদি চুক্তিমূল্য (সিপি) দাঁড়িয়েছে প্রতি টন ৭৫৯ ডলার।

এ ছাড়া আমদানি ব্যয় নির্ধারণের ক্ষেত্রে প্রতি মেট্রিক টনে ২৫০ ডলার জাহাজভাড়া ও ব্যবসায়ীদের প্রিমিয়াম এবং ডলারের বিনিময় হার ১২৩ টাকা ৪৬ পয়সা বিবেচনায় নেওয়া হয়েছে।

কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অক্টোবরে তুলনায় নভেম্বরে সৌদি চুক্তিমূল্য প্রতি মেট্রিক টনে গড়ে ৪৬ দশমিক ৫০ ডলার বেড়েছে। এর প্রভাবে করসহ ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৭৪ টাকা বাড়ার কথা। তবে ঘোষিত নতুন খুচরা মূল্য অনুযায়ী, আগের মাসের তুলনায় দাম বেড়েছে ২২৩ টাকা।

এদিকে সরকারি এলপিজির দামও পুনর্নির্ধারণ করেছে বিইআরসি। এলপি গ্যাস পিএলসি সরবরাহ করা ১২ দশমিক ৫০ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৬০ টাকা।

নতুন মূল্য তালিকায় অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা তরল এলপিজির দাম প্রতি কেজি ১৬৫ টাকা ৮৫ পয়সা এবং গ্যাসীয় এলপিজির দাম প্রতি ঘনমিটার ৩৬৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানায়, নতুন মূল্য নির্ধারণের বিষয়ে গত ২৯ অক্টোবর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থাপিত বিভিন্ন প্রস্তাব ও ব্যয়সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে নভেম্বর মাসের জন্য এলপিজির নতুন মূল্যহার চূড়ান্ত করা হয়েছে।