tanaka
প্রচ্ছদআদালততাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল হত্যা মামলা করেছেন। এ মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে নৌপুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উত্তরখান থানায় মামলাটি করা হয়।

নৌপুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা কামাল জানান, তাহসিফের বাবা উত্তরখান থানায় হত্যা মামলাটি করেছেন। এ মামলায় শাহরিয়ার রেজা দ্বীপকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে। মামলাটি উত্তরখান থানায় হলেও এর তদন্ত করবে নৌপুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন টঙ্গীর মাজার বস্তি এলাকায় তুরাগ নদে ঝাঁপ দেন তিনি। নদীর সীমানাপ্রাচীরের ২৯ নম্বর পিলারের কাছ থেকে তার নদীতে ঝাঁপ দেওয়ার তথ্য পাওয়া যায়। পরে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি জানতে তদন্ত করছে নৌপুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর এলাকা থেকে শাহরিয়ার রেজা দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)।

জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করেন, মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় পুলিশসহ কয়েকজন লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পিবিআই মাজার বস্তি এলাকার হোন্ডা গলি থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।

পরে শুক্রবার দ্বীপকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই। একই দিন রাতে তাকে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত চলছে।