tanaka
প্রচ্ছদজাতীয়সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাকি ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাকি ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে বাকি সাতজনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টার কিছু পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট বিজি-৩৩৬-এ মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

গত ৯ আগস্ট রিয়াদের মানফুহা এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশি কর্মী প্রাণ হারান।

এর আগে গত ২৭ আগস্ট প্রথম দফায় নিহত ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছিল। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। তবে বাকি সাতজনের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা যায়নি। দীর্ঘ প্রক্রিয়া শেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়।

গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাসের বিশেষ ব্যবস্থাপনায় নিহতদের মরদেহ প্রথমে সড়কপথে রিয়াদ থেকে জেদ্দায় নেওয়া হয়। পরে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে সেগুলো ঢাকায় পাঠানো হয়।

এর মধ্য দিয়ে রিয়াদের ওই অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির সবার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হলো।