tanaka
প্রচ্ছদজাতীয়এইচএসসির ফল জানতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে

এইচএসসির ফল জানতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। এবার মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে ফল জানতে পরীক্ষার্থীদের আগের নম্বরের পরিবর্তে নতুন একটি নম্বর ব্যবহার করতে হবে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর এসএমএসের মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে। এর আগে গত বছরগুলোতে ফল জানতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠানোর নিয়ম চালু ছিল।

এসএমএসের মাধ্যমে ফল জানতে প্রথমে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর লিখে বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে, ঢাকা শিক্ষা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে এসএমএসের ফরম্যাট হবে: HSC DHA 123456 2026। বার্তাটি নির্ধারিত নম্বরে পাঠানোর পর ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

এসএমএস ছাড়াও অনলাইনে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের কার্যালয় কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি ফলাফল সংগ্রহের কোনো সুযোগ থাকছে না।

আজ বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। গত ২ জুলাই শুরু হয় এ পরীক্ষা। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়।