কুমিল্লার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২৪ কেজি গাঁজা ও ১১৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় মাদক পাচারে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১০ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, নিয়মিত চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে বৃহস্পতিবার কুমিল্লা ব্যাটালিয়নের অধীন বিবিরবাজার বিওপি ও বৌয়ারাবাজার বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত থেকে আনুমানিক ৩০০ ও ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিবিরবাজার স্থলবন্দর ও দক্ষিণ সূর্যনগর এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় ১১৭ বোতল ইস্কাফ সিরাপ, ২৪ কেজি গাঁজা এবং ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। একই সঙ্গে মাদক পাচারে জড়িত সন্দেহে একজনকে আটক করেন বিজিবি সদস্যরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাদকদ্রব্যসহ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।



