নীলফামারীর জলঢাকায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জলঢাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।
পুলিশ জানায়, নাসিব সাদিক হোসেন নোভা কার্যক্রম নিষিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তিনি জলঢাকা পৌরসভার সাবেক মেয়রও।
ওসি নাজমুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নোভার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি তিনি।
ওসি আরও জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নোভাকে আদালতে পাঠানো হবে।



