tanaka
প্রচ্ছদসারাদেশরাউজানে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই

রাউজানে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে এক নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর মুঠোফোনও নিয়ে যায় ছিনতাইকারীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মঙ্গলখালী এলাকায় রমজান আলী চৌধুরী হাট-গশ্চি মোহাম্মদ জামা সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর নাম সামশুন নাহার (৫০)। তিনি রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়া গ্রামের হাজী মোহাম্মদ আফজালের স্ত্রী।

পরিবারের সদস্যদের ভাষ্য, কেনা জমি রেজিস্ট্রি করার জন্য প্রয়োজনীয় টাকা নিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে যাচ্ছিলেন সামশুন নাহার। তিনি স্বজনদের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে গন্তব্যের উদ্দেশে রওনা হন। পথে মঙ্গলখালী এলাকায় দুটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করেন। তাঁদের মধ্যে দুজনের হাতে পিস্তল ছিল। পরে অস্ত্রের মুখে সামশুন নাহারের টাকার ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা।

জমি রেজিস্ট্রির জন্য সংগ্রহ করেছিলেন ২৭ লাখ টাকা

সামশুন নাহারের ছেলে মো. আরিফ জানান, জমি রেজিস্ট্রির জন্য পরিবারের সদস্যরা প্রায় ২৭ লাখ টাকা সংগ্রহ করেছিলেন। এর মধ্যে দুটি ব্যাংক থেকে যথাক্রমে তিন লাখ ও সাত লাখ টাকা তোলা হয়। এ ছাড়া আগে থেকেই আরও ১০ লাখ টাকা সংগ্রহ করা হয়েছিল। সব মিলিয়ে জমি রেজিস্ট্রির প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হয়।

আরিফের দাবি, তাঁর মায়ের ব্যাগে ২৫ লাখ টাকা ও কিছু খুচরা টাকা ছিল। এ ছাড়া অন্য একটি বাজারের থলেতে ছিল আরও দুই লাখ টাকা।

ঘটনার সময় অটোরিকশায় সামশুন নাহারের সঙ্গে ছিলেন মসজিদের ইমাম তাজু আহমেদ ও তাঁদের স্বজন মো. জাফর। জাফর অটোরিকশাটি চালাচ্ছিলেন। আরিফ আরও কিছু টাকা সংগ্রহ করতে মোটরসাইকেলে করে তাঁদের আগেই বোনের শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন।

আরিফ বলেন, গন্তব্যে পৌঁছানোর পর অন্য একটি নম্বর থেকে তাঁর মা ফোন করে কান্নাজড়িত কণ্ঠে ঘটনার কথা জানান। প্রথমে তিনি ভেবেছিলেন, কোনো দুর্ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে ছিনতাইয়ের বিষয়টি জানতে পারেন।

মায়ের বরাত দিয়ে আরিফ আরও বলেন, সড়কের বাঁকে তিন যুবক অটোরিকশাটির গতিরোধ করেন। এরপর অস্ত্র তাক করে তাঁর মায়ের ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান তাঁরা।

অস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়া হয় মুঠোফোনও

অটোরিকশাচালক মো. জাফর জানান, সড়কের বাঁকে হঠাৎ তিন যুবক অটোরিকশাটির সামনে দাঁড়িয়ে তাঁকে গাড়ি থামাতে বলেন। এ সময় তাঁরা তাঁর মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। অস্ত্র তাক করায় তিনি ফোনটি ছেড়ে দিতে বাধ্য হন।

পরে দুর্বৃত্তরা সামশুন নাহারের ব্যাগ ধরে টানাটানি শুরু করেন। তিনি ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে টেনেহিঁচড়ে সেটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা।

তদন্ত শুরু করেছে পুলিশ

ঘটনার পর রাউজান থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।