tanaka
প্রচ্ছদসারাদেশশিক্ষাজীবন শেষেই চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

শিক্ষাজীবন শেষেই চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

শিক্ষাজীবন শেষ করার পরপরই শিক্ষার্থীরা যাতে কর্মসংস্থানের সুযোগ পান, সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, ক্যারিয়ার ও চাকরি মেলা একটি মহৎ ও সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের আয়োজনের মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশকে বুকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে। দেশের ২০ কোটি মানুষকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে পারলে বাংলাদেশকে বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত করা সম্ভব।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত ক্যারিয়ার ও চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী।

দেশকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল হতে হবে

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি দেশকে এগিয়ে নিতে সরকার ও রাষ্ট্রকে উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হয়। প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত সেই লক্ষ্যেই কাজ করছেন। প্রধানমন্ত্রীর উদ্যোগ সফল করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই দেশকে স্বাবলম্বী করে তোলা সম্ভব।

তিনি অভিযোগ করেন, একটি দল বা গোষ্ঠী বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি এখন নানা উপায়ে হুমকি দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশ চায়। তাই এ ধরনের অপতৎপরতার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সব ধরনের ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ জন্য সংগঠনকে আরও সুসংগঠিত করার পাশাপাশি যেকোনো ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে।

শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব

শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। টাঙ্গাইলের শিক্ষার মান বাড়ানো, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।

তিনি আরও বলেন, টাঙ্গাইলের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। শিক্ষার ক্ষেত্রে জেলাটিকে দেশের শীর্ষস্থানীয় জেলাগুলোর মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতারা এবং বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে ক্যারিয়ার ও চাকরি মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও আমন্ত্রিত অতিথিরা।