নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা, শিক্ষকদের বদলি কার্যক্রম এবং শতভাগ উৎসব ভাতার দাবিতে আগামী ৪ নভেম্বর অবস্থান কর্মসূচিতে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠেয় এ কর্মসূচিতে অন্তত ২০ হাজার শিক্ষক-কর্মচারীকে সমবেত করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে আয়োজক জোট।
শিক্ষকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত কর্মসূচির স্থান পরিবর্তন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল ১০টায় অবস্থান কর্মসূচি শুরু হবে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি দেলাওয়ার হোসেন আজিজী জানান, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে কমপক্ষে ২০ হাজার শিক্ষক-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। কর্মসূচির স্থান পরিবর্তনের বিষয়টি ঢাকা মহানগর পুলিশকেও (ডিএমপি) জানানো হয়েছে বলে জানান তিনি।
আয়োজকদের পক্ষ থেকে উত্থাপিত তিন দফা দাবি হলো—স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির আদেশ দ্রুত জারি করা; এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করা।
দাবিগুলো বাস্তবায়নে দেশের সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজক নেতারা। তাঁদের আশা, বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীর উপস্থিতির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।



