যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডের আবেদন জমা দেওয়ার সময়সীমা গণনায় নতুন নীতি কার্যকর করেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস)। গত ২৩ অক্টোবর থেকে চালু হওয়া এ নিয়মে আবেদন জমার শেষ তারিখ সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির দিনে পড়লেই যে পরবর্তী কর্মদিবস পর্যন্ত সময় বাড়বে, এমন নিশ্চয়তা আর থাকছে না।
গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত নীতিগত নির্দেশনায় সাধারণ প্রশাসনিক সময়সীমা এবং অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা অর্জনের নির্ধারিত তারিখের মধ্যে পার্থক্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু কাগজভিত্তিক আবেদন জমা দেওয়ার শেষ দিন ছুটির দিনে পড়লে পরবর্তী কর্মদিবসে আবেদন গ্রহণের সুযোগ থাকতে পারে। তবে অনলাইনে যেকোনো দিন আবেদন করা সম্ভব হওয়ায় এ ক্ষেত্রে ছুটির দিনের জন্য বাড়তি সময় প্রযোজ্য হবে না। আবেদনকারীদের সংশ্লিষ্ট ফর্মের নির্দেশনা অনুসরণ করতে হবে।
নতুন নীতিতে বয়সের ভিত্তিতে অভিবাসনের যোগ্যতা অর্জনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবারভিত্তিক অভিবাসনসহ নির্দিষ্ট অপ্রাপ্তবয়স্ক ক্যাটাগরিতে সাধারণত সন্তানের ২১ বছর পূর্ণ হওয়ার আগেই আবেদন করতে হয়। এ ক্ষেত্রে আবেদনের শেষ দিন সাপ্তাহিক বা সরকারি ছুটিতে পড়লেও স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সময় পাওয়া যাবে না। ফলে নির্ধারিত বয়সসীমা অতিক্রম করলে কেউ কেউ স্থায়ীভাবে অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা হারাতে পারেন।
যুক্তরাষ্ট্রে কর্মরত এইচ-১বি ভিসাধারী এবং তাঁদের নিয়োগকর্তাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আই-৯৪ নথিতে উল্লেখ করা অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার তারিখ ছুটির দিনে পড়লেও তা পরবর্তী কর্মদিবস পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না। তাই নির্ধারিত সময়ের আগেই ভিসা বা অবস্থানের মেয়াদ নবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনগত জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে আবেদনকারীদের প্রথমেই নিশ্চিত হতে হবে, তাঁদের আবেদনের শেষ তারিখটি সাধারণ প্রশাসনিক সময়সীমা, নাকি অভিবাসন-যোগ্যতা নির্ধারণের সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে আবেদন অনলাইনে নাকি কাগজপত্রের মাধ্যমে জমা দিতে হবে, তা যাচাই করা প্রয়োজন। বিশেষ করে বয়সসীমা এবং যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি ও আবেদন সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে। ছুটির দিনে সময়সীমা শেষ হলে অতিরিক্ত সময় পাওয়া যাবে—এমন ধারণার ওপর নির্ভর করলে গুরুত্বপূর্ণ অভিবাসন-সুযোগ হাতছাড়া হতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস



