বলিউডের জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনকে ঘিরে বিচ্ছেদের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই আলোচনায়। একসঙ্গে উপস্থিতি কমে যাওয়া এবং অভিষেকের সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহবিচ্ছেদ–সম্পর্কিত একটি পোস্টে লাইক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ জল্পনা আরও জোরদার হয়।
তবে সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা প্রহ্লাদ কাক্কার বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস–এর প্রতিবেদন অনুযায়ী, ভিকি ললওয়ানির একটি পোডকাস্টে হাজির হয়ে তিনি ঐশ্বরিয়া-অভিষেক সম্পর্ক নিয়ে নতুন তথ্য দেন।
মুম্বাইয়ে ঐশ্বরিয়ার মায়ের বাড়ির পাশেই থাকেন প্রহ্লাদ কাক্কার। তিনি জানান, ঐশ্বরিয়া প্রায়ই মায়ের অসুস্থতার কারণে সেখানে যান এবং স্কুলে মেয়ে আরাধ্যকে দিয়ে আসার পর কিছু সময় মায়ের সঙ্গে কাটান। পরে আবার মেয়েকে নিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন। এতে বিচ্ছেদের কোনো ইঙ্গিত নেই।
বচ্চন পরিবারের সঙ্গে অভিনেত্রীর দূরত্বের গুঞ্জন প্রসঙ্গে তিনি আরও বলেন, অনেকেই ভুলভাবে বলেন যে ঐশ্বরিয়া বচ্চন বাড়ি ছেড়ে মায়ের কাছে চলে গেছেন। কিন্তু আসলেই তা নয়। রোববার বা ছুটির দিনে তিনি মায়ের কাছে যান না, এমনকি মাঝে মধ্যে অভিষেকও শাশুড়িকে দেখতে সেখানে যান। ফলে তাদের আলাদা হয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।
প্রহ্লাদ কাক্কারের ভাষায়, “তারা কখনো গুজবের জবাব দেন না, বরং সবসময় মর্যাদা বজায় রেখেছেন। এটিই তাদের আসল শক্তি।”
উল্লেখ্য, ২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া ও অভিষেক। ২০১১ সালে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা আরাধ্যা। ২০২৪ সালে অনন্ত আম্বানির বিয়েতে ঐশ্বরিয়া ও তার মেয়ে পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদাভাবে উপস্থিত হওয়ায় গুঞ্জন আরও জোরদার হলেও এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি।



