সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আভা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরান শহরে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় জরুরি সতর্কতা জারি করা হলেও অল্প সময়ের ব্যবধানে তা তুলে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এ সতর্কতা জারি করে।
‘জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ ব্যবস্থা’র মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়। এ সময় সাইরেন বাজিয়ে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানানো হয় এবং নিরাপদ থাকতে প্রয়োজনীয় সুরক্ষা নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, নাজরানে সতর্কবার্তা জারির প্রায় আট মিনিট পরই তা প্রত্যাহার করা হয়। পরে আভা শহরেও সতর্কতা তুলে নেওয়ার ঘোষণা আসে।
তবে কী কারণে দুই শহরে জরুরি সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে প্রাথমিক বার্তায় বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। এ ঘটনায় হতাহত কিংবা কোনো ধরনের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেশী ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের বৈরিতার প্রেক্ষাপটে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার রয়েছে। হুথিরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে আসছে। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এসব হামলা প্রতিহত করার কথা জানিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি



