tanaka
প্রচ্ছদজাতীয়শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বাতাসের গতিবেগ হতে পারে ১৪০ কিমি

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বাতাসের গতিবেগ হতে পারে ১৪০ কিমি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি)। তবে ঘূর্ণিঝড়টির সরাসরি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা আপাতত কম বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ পূর্বাভাস জানায় বিডব্লিউওটি।

আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী, ঘূর্ণিঝড় অর্ণব বর্তমানে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে সোমবার মধ্যরাত নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এরপর ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৮ অক্টোবর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়টির শক্তি আরও বাড়তে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার হওয়ার আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পর উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সরাসরি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা কম থাকলেও এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তিত হতে পারে বলে ঘূর্ণিঝড়টির গতিপথ ও শক্তি সম্পর্কে হালনাগাদ পূর্বাভাসের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।