tanaka

মোবাইল ফোনে ব্রেন ক্যানসারের ঝুঁকি? ৬৩ গবেষণায় যা জানা গেল

মোবাইল ফোনের বিকিরণে মস্তিষ্কের ক্যানসারের ঝুঁকি বাড়ে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এ বিষয়ে বিভিন্ন দেশের ৬৩টি গবেষণার ফলাফল বিশ্লেষণ করে...
প্রচ্ছদরাজনীতিগণতান্ত্রিক উত্তরণের সুযোগ হটকারিতায় নষ্ট করা যাবে না: সাইফুল হক

গণতান্ত্রিক উত্তরণের সুযোগ হটকারিতায় নষ্ট করা যাবে না: সাইফুল হক

অনেক রক্তের বিনিময়ে অর্জিত দেশের গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কোনো হটকারিতা বা ষড়যন্ত্রের ফাঁদে নষ্ট হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই সঙ্গে আওয়ামী লীগকে নিয়ে অতিরিক্ত মাতামাতি শেষ পর্যন্ত বুমেরাং হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার প্রথম অধিবেশনে রাজনৈতিক রিপোর্ট উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, দেশি-বিদেশি কোনো অপশক্তির তৎপরতা আর বরদাস্ত করা যাবে না। পতিত আওয়ামী লীগকে নিয়ে অতিরিক্ত টানাটানির মাধ্যমে পরোক্ষভাবে দলটিকে আবারও দেশের রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে কি না, তা ভেবে দেখা প্রয়োজন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সংসদের ভেতরে কিংবা বাইরে নিজেদের আর্থসামাজিক কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে কার্যকর বিতর্কে অংশ নিচ্ছে না। বরং দায়িত্ব এড়িয়ে যাওয়া এবং ভাইরাল হওয়ার লক্ষ্যে দোষারোপের পুরোনো রাজনীতিতেই আটকে রয়েছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান রাজনীতিকদের অধিকাংশের মনস্তত্ত্বে তেমন পরিবর্তন আনতে পারেনি। ফলে তাঁরা প্রত্যাখ্যাত পুরোনো রাজনৈতিক ধারার বাইরে বের হতে পারছেন না।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করায় সরকারকে ধন্যবাদ

শারদীয় দুর্গোৎসব দেশজুড়ে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান সাইফুল হক। তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। দুর্গাপূজার আয়োজনের মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হয়েছে।

তবে দেশজুড়ে মানুষের জানমালের নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, সাধারণ মানুষের জীবন-জীবিকা বড় ঝুঁকির মধ্যে রয়েছে। গত এক বছরে এক কোটি ৮০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে। আরও কয়েক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন বলেও দাবি করেন তিনি।

সাইফুল হক বলেন, জনকল্যাণে সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে সেসব উদ্যোগের সুফল এখনো পৌঁছায়নি। এ ক্ষেত্রে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, সুশাসন নিশ্চিত করার জন্য মানুষ সরকারকে হয়তো আরও কিছু সময় দেবে। তবে সেই সময় অনির্দিষ্ট নয়।

কেন্দ্রীয় কমিটির সভায় উপস্থিত ছিলেন যারা

সভায় সাইফুল হক প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার অভিজ্ঞতাও কেন্দ্রীয় কমিটির সদস্যদের সামনে তুলে ধরেন।

তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদকের উত্থাপিত রাজনৈতিক রিপোর্টের ওপর বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, রাশিদা বেগম, অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপু, সজীব সরকার রতন, সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুর রেজা মামুন, মীর রেজাউল আলম, ফিরোজ আলী, আওয়াল মাহমুদ, জামাল সিকদার, আবুল কালাম আজাদ, আইয়ুব আলী ও মোহাম্মদ স্বাধীন মিয়াসহ অনেকে।

সভা শুরুর আগে পার্টির প্রয়াত নেতা মোহাম্মদ শাহজাহান, চিত্রশিল্পী সাঈদা কামালসহ প্রয়াত নেতাকর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।