সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়াকে বিএনপি সরকারের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তাঁর মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
পোস্টে নাছির উদ্দীন নাছির বলেন, ফ্যাসিস্ট শাসনামলসহ বিগত কয়েক বছরের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হওয়া সরকারের জন্য একটি বড় অর্জন। এর পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় নেতৃত্ব ও দূরদর্শী ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান এবং সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তাঁর অঙ্গীকার তুলে ধরেছেন।
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন নাছির। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্বশীল কার্যক্রম ও সার্বক্ষণিক সতর্কতার ফলে উৎসবের পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে ছাত্রদলের এই নেতা জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে পাওয়া তথ্যের পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে নোয়াখালীর সদর ও সুবর্ণচরের একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এসব অভিজ্ঞতা থেকে তাঁর মূল্যায়ন, এবারের দুর্গাপূজা দেশে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
ফেসবুক পোস্টে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে লেখেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা ও মর্যাদা সবার।’
দেশে সব ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সম্মান নিশ্চিত করার মাধ্যমে সম্প্রীতির এই ধারা এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন নাছির উদ্দীন নাছির। তাঁর মতে, সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, মানবিক ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।



