tanaka
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব হোসাইন

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব হোসাইন

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের সাবেক নেতা কাজী রাকিব হোসাইন। সোমবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে, সে অনুযায়ী তার নিয়োগ কার্যকর থাকবে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

কাজী রাকিব হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একটি অংশের আহ্বায়কের দায়িত্ব পান তিনি। পরবর্তী সময়ে ওই কমিটি বিলুপ্ত হলে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান।

২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তিনি ‘দ্য বাংলাদেশ ডায়ালগ’ নামের একটি সংগঠনে প্রধান অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।