tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকতাইওয়ানকে অস্ত্র দিয়ে উত্তেজনা উসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র: কিম

তাইওয়ানকে অস্ত্র দিয়ে উত্তেজনা উসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র: কিম

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি ও সামরিক সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বাড়িয়ে তোলার অভিযোগ করেছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বুধবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

উত্তর কোরিয়ার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশ্লেষক কিম মিয়ং চোলের বরাত দিয়ে কেসিএনএ জানায়, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করছে।

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা যুদ্ধবিমানের উপস্থিতিরও নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার ওই বিশ্লেষকের বক্তব্য, তাইওয়ানের নিরাপত্তার স্বার্থে চীনের মতো শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে যুক্তরাষ্ট্র সত্যিই প্রস্তুত কি না এবং এর পরিণতি মোকাবিলার সক্ষমতা তাদের আছে কি না—এ বিষয়ে ওয়াশিংটনের ‘দুবার ভাবা উচিত’।

তাইওয়ানে পৌঁছেছে নতুন এফ-১৬ভি যুদ্ধবিমান

বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক চাপের মুখে থাকা তাইওয়ানে গত সপ্তাহে নতুন ৬৬টি এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের চালানের প্রথম দুটি এসে পৌঁছেছে। ২০১৯ সালে এসব যুদ্ধবিমানের জন্য যুক্তরাষ্ট্রের কাছে অর্ডার দিয়েছিল তাইওয়ান।

গত জুনে পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে জানিয়েছিলেন, তিনি ‘এক চীন’ নীতিকে পূর্ণ সমর্থন করবেন।

আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন হলেও বেইজিং ‘এক চীন’ নীতির আওতায় তাইওয়ানকে চীনের অংশ হিসেবে বিবেচনা করে। তাইওয়ান প্রণালীর দুই পাশের ভূখণ্ড একই দেশের অংশ—চীনের অবস্থান মূলত এমনই।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই বৈঠকে শি জিনপিং বলেছিলেন, দুই দেশ কূটনীতি, আইন প্রয়োগকারী সংস্থা, সামরিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়াবে।

তাইওয়ান নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বিরোধ

চীন বরাবরই তাইওয়ানের নেতাদের সঙ্গে বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধানদের আনুষ্ঠানিক যোগাযোগের বিরোধিতা করে আসছে। বেইজিংয়ের দাবি, তাইওয়ান চীনের অংশ এবং দ্বীপটির বিষয়ে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে তাইওয়ান সরকার বলে আসছে, দ্বীপটির ওপর দাবি করার কিংবা আন্তর্জাতিক অঙ্গনে এর প্রতিনিধিত্ব করার কোনো অধিকার বেইজিংয়ের নেই।

উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনও দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের কাছে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানিয়ে আসছে। তবে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাইওয়ানকে আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখতে সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি আইনি বাধ্যবাধকতা রয়েছে।

পুতিনকে কিমের সমর্থনের বার্তা

এদিকে বুধবার কেসিএনএর আরেক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে পাঠানো এক বার্তায় কিম জং উন রাশিয়া ও দেশটির যুদ্ধ প্রচেষ্টার প্রতি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

কিম বলেছেন, দুই দেশের ‘ব্যাপক কৌশলগত অংশীদারত্বের’ আওতায় যৌথ কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হবে। একই সঙ্গে তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেন, নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় রাশিয়ার ‘ন্যায্য ও পবিত্র যুদ্ধ’ শেষ পর্যন্ত বিজয়ের মধ্য দিয়েই শেষ হবে।

তবে পুতিনকে পাঠানো ওই বার্তায় ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করা হয়নি।

ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়া এ পর্যন্ত আনুমানিক ১৪ থেকে ১৫ হাজার সেনা পাঠিয়েছে।