নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে জোহরান মামদানির দায়িত্ব গ্রহণের প্রথম বছরেই বিশ্বের সেরা শহরের স্বীকৃতি পেয়েছে নিউইয়র্ক। অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের ‘গ্লোবাল সিটিজ ইনডেক্স’-এ লন্ডন ও প্যারিসকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর শহর হিসেবে স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের এই নগরী।
সম্প্রতি প্রকাশিত সূচকটিতে বিশ্বের এক হাজার বৃহৎ শহরকে অর্থনীতি, মানবসম্পদ, জীবনমান, পরিবেশ ও সুশাসন—এই পাঁচটি মানদণ্ডে মূল্যায়ন করা হয়েছে। সামগ্রিক সূচকে নিউইয়র্ক ১০০ স্কোর পেয়ে শীর্ষস্থান অর্জন করেছে।
সূচক অনুযায়ী, অর্থনীতি বিভাগে নিউইয়র্ক পূর্ণ ১০০ নম্বর পেয়েছে। মানবসম্পদে ৮৯ দশমিক ৫, জীবনমানে ৮০ দশমিক ৮, পরিবেশে ৭২ দশমিক ৮ এবং সুশাসনে ৭৫ দশমিক ৭ নম্বর পেয়েছে শহরটি।
সামগ্রিক র্যাংকিংয়ে নিউইয়র্কের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের লন্ডন এবং তৃতীয় অবস্থানে ফ্রান্সের প্যারিস। শীর্ষ পাঁচে আরও রয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল ও সান ফ্রান্সিসকো।
অক্সফোর্ড ইকোনমিকস জানিয়েছে, নিউইয়র্ক ও লন্ডন দীর্ঘদিন ধরে শক্তিশালী অর্থনীতি ও শ্রমবাজারের কারণে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে অবস্থান ধরে রেখেছে। প্রতিষ্ঠানটির মতে, এসব শহরের সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের কাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা।
২০২৬ সালের ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির ১১২তম মেয়র হিসেবে শপথ নেন জোহরান মামদানি। তার দায়িত্ব গ্রহণের প্রথম বছরেই নিউইয়র্কের এই শীর্ষস্থান অর্জন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মামদানি নির্বাচিত হওয়ার সময় সমালোচকদের একটি অংশ আশঙ্কা প্রকাশ করেছিল, তার প্রস্তাবিত কিছু নীতি শহরের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে অক্সফোর্ড ইকোনমিকসের প্রতিবেদনে নিউইয়র্কের শীর্ষস্থানকে কোনো ব্যক্তি, মেয়র বা নির্দিষ্ট প্রশাসনের কৃতিত্ব হিসেবে উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, শহরগুলোর অর্থনৈতিক আকার ও স্থিতিশীলতা, কর্মসংস্থান, মানবসম্পদ, জীবনমান, পরিবেশগত পরিস্থিতি এবং সুশাসনের মতো দীর্ঘমেয়াদি কাঠামোগত বিষয় বিবেচনায় নিয়ে এই মূল্যায়ন করা হয়েছে।
অক্সফোর্ড ইকোনমিকসের মতে, ‘গ্লোবাল সিটিজ ইনডেক্স’ শুধু কোনো শহরের বর্তমান অবস্থান তুলে ধরে না; এর মাধ্যমে শহরটির দীর্ঘমেয়াদি সম্ভাবনা ও ভবিষ্যৎ গতিপথ সম্পর্কেও ধারণা পাওয়া যায়।



