দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—মোহাম্মদপুর থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম অপু। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের পদ আগে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল; কিন্তু পরবর্তীতে সংশোধন না করার কারণে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মান্নান হোসেন শাহীন ও জহিরুল ইসলাম অপুর বিরুদ্ধে কাটাসুর নামার বাজার দখল, ফুটপাত দখল এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া মান্নান হোসেন শাহীন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল (উরফে পিচ্চি হেলাল)-এর অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।
দলীয় সূত্রে জানা যায়, শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এই দুই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।



