tanaka
প্রচ্ছদঅন্যান্যকাদের মির্জা ও স্ত্রী-ছেলের বিরুদ্ধে ৩ মামলা অনুমোদন দুদকের

কাদের মির্জা ও স্ত্রী-ছেলের বিরুদ্ধে ৩ মামলা অনুমোদন দুদকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, তার স্ত্রী আখতার জাহান বকুল ও ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

দুদক জানিয়েছে, আবদুল কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন।

অন্যদিকে, তার স্ত্রী আখতার জাহান বকুলের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা হবে। এ মামলায় স্বামী আবদুল কাদের মির্জাকে সহায়তাকারী হিসেবে আসামি করা হবে। ফলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারার পাশাপাশি দণ্ডবিধির ১০৯ ধারাও প্রযোজ্য হবে।

এ ছাড়া ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ মামলাতেও তার বাবা আবদুল কাদের মির্জাকে সহায়তাকারী হিসেবে আসামি করার সিদ্ধান্ত হয়েছে।

দুদকের অনুমোদনের পর সংশ্লিষ্ট অভিযোগগুলোতে পৃথকভাবে মামলা দায়েরের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।