ভারতের রাজস্থানের রাণথাম্বোর জাতীয় উদ্যানে সাফারি চলাকালে রাস্তার মাঝখানে শুয়ে পড়ল একটি পূর্ণবয়স্ক বাঘ। এতে কিছু সময়ের জন্য থেমে যায় পর্যটকবাহী প্রায় ৩০টি সাফারি জিপ। বিরল এই দৃশ্য ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এক বিদেশি পর্যটক।
সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাণথাম্বোরের মেঠোপথের ঠিক মাঝখানে নিশ্চিন্তে শুয়ে আছে বিশাল আকৃতির বাঘটি। তার দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে পর্যটকবাহী জিপগুলো। গাড়িতে থাকা পর্যটকরা নীরবে বাঘটির দিকে তাকিয়ে ছিলেন। অনেকের হাতেই ছিল ক্যামেরা।
প্রায় ২০০ কেজি ওজনের বাঘটি অবশ্য পর্যটকদের উপস্থিতি কিংবা জিপের সারিতে মোটেও বিচলিত হয়নি। রাস্তার ধুলোমাখা পথেই বেশ কিছু সময় বিশ্রাম নেয় সে। পরে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে শরীর ঝাড়া দিয়ে আবার জঙ্গলের দিকে চলে যায়।
পুরো ঘটনাটি নীরবে উপভোগ করেন পর্যটকরা। বাঘটি জঙ্গলে চলে যাওয়ার পর স্বাভাবিক হয় সাফারি চলাচল।
ভিডিওটি ধারণকারী বিদেশি পর্যটক এলেনা মজার ছলে ঘটনাটিকে ‘ভারতের চিরাচরিত যানজট, তবে এবার বাঘের কারণে’ বলে বর্ণনা করেছেন। রাণথাম্বোরে এটি তাদের দেখা তৃতীয় বাঘ বলেও উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। এরই মধ্যে ছয় লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। বাঘটির এমন নির্ভার আচরণ নিয়ে নেটিজেনদের অনেকেই মজার মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, বাঘটি যেন বোঝাতে চেয়েছে—রাস্তাটি তারই। আবার কেউ এর আচরণকে ‘কমলা বিড়ালের স্বাভাবিক আচরণ’ বলে রসিকতা করেছেন।



