tanaka
প্রচ্ছদরাজধানীডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৪, উদ্ধার বিপুলসংখ্যক অবৈধ সিম

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৪, উদ্ধার বিপুলসংখ্যক অবৈধ সিম

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অবৈধ সিমকার্ড ও ভিওআইপি সরঞ্জামসহ বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৭৪, তেজগাঁওয়ে ১০২, মিরপুরে ৮০, গুলশানে ৩৫ এবং উত্তরা বিভাগে ৪১ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১টি ইয়াবা ও ৬২ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি মোটরসাইকেল, দুটি সুইচ গিয়ার, নগদ ৬ হাজার ৬১০ টাকা, একটি ল্যাপটপ এবং ১৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযানে দুই ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এ ছাড়া বিপুলসংখ্যক অবৈধ সিমকার্ড ও ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বাংলালিংকের ১৮ হাজার ৭৭টি, রবির ১ হাজার ২৬২টি, গ্রামীণফোনের ৭০০টি, এয়ারটেলের ১৫০টি এবং অন্যান্য অপারেটরের ৭৯৮টি সিমকার্ড রয়েছে। এ সময় ১০টি ভিওআইপি মেশিনও জব্দ করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য, অবৈধ সিমকার্ড ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।